জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিপর্ব শুরু করলো স্পেন। বিশ্বকাপের আগে জাতীয় দলের হয়ে দারুণ ছন্দে থাকা মিকেল ওইয়ারসাবাল আবারও জ্বলে উঠেন এই ম্যাচে। অভিষেকের উপলক্ষ রাঙালেন ভিক্তর মুনিয়োস। সার্বিয়াকে উড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতিপর্ব শুরু করল স্পেন।
ভিয়ারেয়ালে শুক্রবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ৩-০ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল। ম্যাচের প্রথমার্ধে ওইয়ারসাবালের দুই গোলের পর, দ্বিতীয়ার্ধে বদলি নেমে দলের তৃতীয় গোলটি করেন মুনিয়োস।
তবে ঘরের মাঠে ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে স্পেন। প্রায় ৭২ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৪টি শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা। সার্বিয়ার দুই শটের দুটি লক্ষ্যে ছিল।
এদিকে প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেদের রেকর্ড টানা ৩১ ম্যাচে অপরাজিত স্পেন ষোড়শ মিনিটে এগিয়ে যায়। ফের্মিন লোপেসের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের জোরাল শটে দূরের পোস্ট ঠিকানা খুঁজে নেন ওইয়ারসাবাল। স্পেনের হয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন রেয়াল সোসিয়েদাদের এই ফরোয়ার্ড।
দুই মিনিট পরই ব্যবধান বাড়তে পারত। কিন্তু বক্সের বাইরে থেকে লামিনে ইয়ামালের বাঁ পায়ের নিচু শট পোস্টে লাগে। ম্যাচের বিরতির আগে আরেকটি চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন ওইয়ারসাবাল। পাউ কুবার্সির পাস বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের আরেকটি বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন ২৮ বছর বয়সী ফুটবলার।
জাতীয় দলের জার্সিতে সবশেষ ১০ ম্যাচে তার গোল হলো ১১টি, সঙ্গে অ্যাসিস্ট আছে ছয়টি। অবশ্য হ্যাটট্রিকের পথে ছোটার সুযোগ খুব বেশি একটা পাননি ওইয়ারসাবাল। ৬২তম মিনিটে তাকে তুলে নেন কোচ। একই সঙ্গে উঠিয়ে নেওয়া হয় ইয়ামালকেও।
ওইয়ারসাবালের বদলি নেমেই ৭২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মুনিয়োস। ফেররান তরেসের ব্যাকহিল ফ্লিক বক্সে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড।
বাকি সময়ে তরেস, দানি ওলমো ও মুনিয়োসের একটি করে শট সার্বিয়ার গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ায় ব্যবধান আর বাড়েনি।একই সময়ে আরেক প্রীতি ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে সুইজারল্যান্ডকে তাদের মাঠেই ৪-৩ গোলে হারিয়েছে জার্মানি। জোড়া গোল করে জার্মানদের নায়ক ফ্লোহিয়ান ভিয়েৎস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















