বিশ্বকাপের গুরুত্বপূর্ন ম্যাচে জাপানের মুখোমুখি সুইডেন

বিশ্বকাপের গুরুত্বপূর্ন ম্যাচে জাপানের মুখোমুখি সুইডেন

বিশ্বকাপের গুরুত্বপূর্ন ম্যাচে জাপানের মুখোমুখি সুইডেন । বিশ্বকাপের গ্রুপ পর্বে নকআউটের সমীকরণ জমে উঠেছে ‘এফ’ গ্রুপে। সেই লড়াইয়ে এবার মুখোমুখি হচ্ছে জাপান ও সুইডেন। বাংলাদেশ সময় শুক্রবার রাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। জাপানের সামনে যেখানে ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত করার সুযোগ, সেখানে সুইডেনের জন্য ম্যাচটি কার্যত বাঁচা-মরার লড়াই।

দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে আছে নেদারল্যান্ডস, যারা একই দিনে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হওয়া তিউনিসিয়ার মুখোমুখি হবে। ফলে জাপান জানে, অন্তত এক পয়েন্ট পেলেই শেষ ৩২ নিশ্চিত হয়ে যাবে তাদের। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা সুইডেনের সামনে জয়ের বিকল্প নেই। হারলেই বিদায়ের শঙ্কা প্রায় নিশ্চিত।

ম্যাচের আগে সুইডেন কোচ গ্রাহাম পটার বাড়তি নজর দিচ্ছেন দলের প্রধান ভরসা আলেকজান্ডার ইসাকের ওপর। প্রকাশ্য অনুশীলনেও ইসাককে নিয়ে আলাদা কৌশলগত আলোচনা করতে দেখা গেছে তাকে। ভিক্টর গিয়োকেরেসের সঙ্গে ইসাকের সমন্বয় আরও কার্যকর করতে চাইছেন তিনি।

সংবাদ সম্মেলনে পটার বলেন, তাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে যারা আক্রমণে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। তবে জাপানের বিপক্ষে সফল হতে হলে রক্ষণে থাকতে হবে সুশৃঙ্খল ও কমপ্যাক্ট। কারণ জাপান দলগত সমন্বয়, দ্রুত পাসিং এবং একসঙ্গে খেলার সক্ষমতার জন্য অন্যতম কঠিন প্রতিপক্ষ।

সুইডেন বিশ্বকাপ শুরু করেছিল তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে একই ব্যবধানে হার তাদের চাপে ফেলে দিয়েছে। অন্যদিকে ধারাবাহিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী জাপান এখন নকআউট নিশ্চিত করার খুব কাছে। তাই দুই দলের এই লড়াইয়ে উত্তেজনার কমতি থাকার সুযোগ নেই।

Exit mobile version