ব্যাটিংয়ের জন্য আদর্শ উইকেট, রান তোলার যথেষ্ট সুযোগও ছিল। লক্ষ্য ছিল ২৭২ রানের। তবু জিম্বাবুয়ের বিপক্ষে সেই লক্ষ্য পেরোতে পারেনি বাংলাদেশ। আবুধাবিতে ১৭২ রানেই থেমেছে টাইগারদের ইনিংস। এমন হারে হতাশ বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তার মতে, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এই ম্যাচে বাংলাদেশেরই জয় পাওয়া উচিত ছিল।
ম্যাচে বল হাতে দারুণ শুরু এনে দিয়েছিলেন তাসকিন। তবে বোলারদের সেই প্রচেষ্টা কাজে লাগাতে পারেননি ব্যাটাররা। জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ইউনিটের ব্যর্থতায় বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে।
ম্যাচ শেষে উইকেটের চরিত্র তুলে ধরে তাসকিন বলেন,
আবুধাবির পিচে বড় সংগ্রহ গড়া সম্ভব ছিল। ব্যাটাররা দায়িত্ব নিয়ে জুটি গড়তে পারলে লক্ষ্য তাড়া করাও কঠিন হতো না।
জিম্বাবুয়ের ব্যাটিং থেকে শিক্ষা দেখছেন তাসকিন
তাসকিনের ভাষায়, কদিন আগে আবুধাবিতে টেস্টও ড্র হয়েছে। এই পিচ রান হওয়ার মতোই। চাইলেই পার্টনারশিপ করা যেতে পারত। সেটা ওরা করে দেখিয়েছে। ভালো বল দারুণ ভাবে হ্যান্ডেল করেছে, বাজে বল পানিশ করেছে। ওরা দেখিয়েছে, যত চাপই থাকুক ভালো পিচে পার্টনারশিপ গড়লে ভালো স্কোর করা সম্ভব। প্রথমে বোলিং করায় উইকেটের আচরণ কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের পেসাররা। তাই জিম্বাবুয়ের বিপক্ষে এমন পরাজয়ের কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। তাসকিনের মতে, ২৭২ রানের লক্ষ্য তাড়া করার মতো সামর্থ্য বাংলাদেশের ছিল। কিন্তু ব্যাটিংয়ে প্রয়োজনীয় জুটি গড়তে না পারায় ম্যাচ হাতছাড়া হয়েছে।
তিনি বলেন,
আজকে যেমন পিচ ছিল, আমরাও তো বল করেছি। একটু এদিক-সেদিক হলেই পানিশ হতে হচ্ছিল। ২৭২ অবশ্যই চেজেবল ছিল। জিম্বাবুয়ের সঙ্গে অন্তত এই কন্ডিশনে চেজ করা দরকার ছিল, উচিত ছিল। আমরা ভালো খেলিনি। একটা পার্টনারশিপও করতে পারিনি। একটা পার্টনারশিপ হলেও ম্যাচ বের হয়ে যেত।
ব্যাটিংয়ে বারবার একই ধরনের ভুলের পুনরাবৃত্তি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তাসকিন। তার মতে, বোলিংয়ে ধারাবাহিকতা কিছুটা বাড়লেও ব্যাটিংয়ে সেই উন্নতির ছাপ দেখা যাচ্ছে না। এই ম্যাচে ব্যাটারদেরই দায়িত্ব নিয়ে দলকে জেতানো উচিত ছিল বলে মনে করেন তিনি।
তবে পরাজয়ের হতাশা পাশে রেখে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশাও করছেন এই পেসার। সামনে আরও একটি ম্যাচ থাকায় লড়াইয়ে ফেরার লক্ষ্য বাংলাদেশের। তাসকিন বলেন, ব্যাটিংয়ে নিয়মিত ভুল হচ্ছে। বোলিংয়ে ধারাবাহিকতা তাও কিছুটা ভালো হয়েছে। এই ম্যাচ ব্যাটারদের জেতানো উচিত ছিল বলে আমি মনে করি। এখনও একটা ম্যাচ বাকি আছে। চাইব ভালোভাবে ফাইট ব্যাক করে যেন ফাইনাল খেলতে পারি।




