চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন আলকারাজ, শিরোপা ধরে রাখার মিশন

দীর্ঘ চার মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউএস ওপেন দিয়ে কোর্টে ফিরছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ। কবজির চোটে দীর্ঘদিন কোর্টের বাইরে থাকার পর নিউইয়র্কে নিজের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবেন সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকা।

বৃহস্পতিবার এক ইনস্টাগ্রাম পোস্টে আলকারাজের ইউএস ওপেনে ফেরার বিষয়টি নিশ্চিত করেন ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। পোস্টে আলকারাজের ছবির সঙ্গে লেখা হয়, ‘হিয়ার উই গো!’ কমেন্টে একই বার্তা দিয়ে ফেরার বিষয়টি নিশ্চিত করেন ২৩ বছর বয়সী এই স্প্যানিশ তারকাও।

আগামী ৩০ আগস্ট নিউইয়র্কে শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। গত বছর ফাইনালে জ্যানিক সিনারকে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইউএস ওপেন শিরোপা জিতেছিলেন আলকারাজ। এবার সেই শিরোপা ধরে রাখার লক্ষ্যেই কোর্টে ফিরবেন তিনি।

আলকারাজের চোটের শুরু এপ্রিলে বার্সেলোনা ওপেনে। অট্টো ভির্তানেনের বিপক্ষে ম্যাচ চলাকালে ডান কবজিতে অস্বস্তি অনুভব করেন তিনি। ম্যাচ শেষে পরীক্ষায় ধরা পড়ে টেনোসাইনোভাইটিস অর্থাৎ কবজির টেনডনে প্রদাহ। চোট গুরুতর হওয়ায় বার্সেলোনার পর মাদ্রিদ ওপেন থেকেও সরে দাঁড়ান তিনি।

এরপর ফ্রেঞ্চ ওপেন, কুইন্স ক্লাব, উইম্বলডন এবং কানাডিয়ান ওপেনেও খেলতে পারেননি আলকারাজ। কানাডিয়ান ওপেনে ফেরার সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় ইউএস ওপেনে তার অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

তবে দীর্ঘ পুনর্বাসন শেষে এখন সেই শঙ্কা দূর হয়েছে। চার মাসের বিরতির পর আলকারাজ ফিরছেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চগুলোর একটিতে। নিউইয়র্কে তাই এবার নজর থাকবে, চোট কাটিয়ে কোর্টে ফিরে নিজের ইউএস ওপেন মুকুট অক্ষুণ্ন রাখতে পারেন কি না, সেই প্রশ্নেই।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles