প্যারা স্পোর্টস কার্নিভাল ২০২৬ – ৫ শতাধিক অ্যাথলেটের মিলনমেলা

প্যারা স্পোর্টসের উন্নয়নে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা: ‘খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে’

প্যারা স্পোর্টসের উন্নয়নে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা: ‘খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে’

দেশে অনুষ্ঠিত হলো ১ম প্যারা স্পোর্টস কার্নিভাল

দেশের প্যারা স্পোর্টসের সার্বিক উন্নয়ন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে “১ম প্যারা স্পোর্টস কার্নিভাল ২০২৬”।

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য কার্নিভালে সারা দেশ থেকে ৫০০-এর অধিক প্যারা অ্যাথলেট ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন,

এশিয়ান প্যারা গেমসের মতো বড় মঞ্চে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, তার আবেদন পাওয়ামাত্রই তা পরিপূর্ণভাবে প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী জানান, ক্রীড়াঙ্গনের জন্য বরাদ্দের সবকিছু তিনি খেলোয়াড় ও সংগঠকদের কল্যাণে উজাড় করে দিতে চান। দেশের ক্রীড়াবিদ ও সংগঠকেরা ভালো থাকলে সরকার ও দেশ ভালো থাকবে উল্লেখ করে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজের যাবতীয় অসংগতি ও বিশৃঙ্খলা দূর করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ম বাংলাদেশ প্যারা গেমস ২০২৬ আয়োজক কমিটির চেয়ারম্যান, এনপিসি বাংলাদেশের সহ-সভাপতি ও বাংলাদেশ পুলিশের যুগ্ম কমিশনার জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্য, কোচ, নীতিনির্ধারক, দেশবরেণ্য ক্রীড়াবিদ এবং প্রতিবন্ধিতা-বিষয়ক বিশেষজ্ঞগণ উপস্থিত থেকে অ্যাথলেটদের উৎসাহিত করেন।

এই গেমসের মূল লক্ষ্য হলো জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠেয় এশিয়ান প্যারা গেমস ২০২৬ সহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য সেরা খেলোয়াড় নির্বাচন করা। পরবর্তীতে নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে তাদের আন্তর্জাতিক মানে উন্নীত করা।

ক্রিকেটারদের জন্য বিসিবি’র বিশেষ উদ্যোগ

অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের উদ্যোগে “বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং ক্রিকেট কার্নিভাল ২০২৬” আয়োজনের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই আয়োজনের মাধ্যমে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট, হুইলচেয়ার ক্রিকেট এবং ব্লাইন্ড ক্রিকেট – এই তিনটি বিশেষ ক্ষেত্র থেকে প্রতিভাবান ক্রিকেটার বাছাই করে শক্তিশালী জাতীয় দল গঠন করা হবে।

ইতিমধ্যেই বিসিবি কর্তৃক ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটের জন্য ৯১ জন এবং হুইলচেয়ার ক্রিকেটের জন্য ৩৫ জন খেলোয়াড়কে মনোনীত করা হয়েছে, এবং ব্লাইন্ড ক্রিকেট ক্যাটাগরিটি দেশের সকল আগ্রহী বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়ের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এই সমন্বিত উদ্যোগ দেশের প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Exit mobile version