মেয়েরা যে চেষ্টা করেছে, তা প্রশংসনীয় – বাটলার । সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হলো না। গোয়ায় অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ১-৩ গোলে হেরে রানার্স আপ হয় মারিয়াদের দল। হ্যাটট্রিক মিশন সামনে রেখে বাফুফে আগে থেকেই দলকে থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্পে পাঠিয়েছিল। এত আয়োজন ও প্রস্তুতির পরও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে না পারায় হতাশা নিয়েই দেশে ফিরছে বাংলাদেশ নারী দল।
ফাইনালের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেন, স্কোরলাইন সব সময় ম্যাচের পুরো চিত্র তুলে ধরে না। তার ভাষায়, মেয়েরা যে চেষ্টা করেছে, তা প্রশংসনীয়। বিশেষ করে তরুণ খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স করেছে বলে তিনি মনে করেন।
তবে ফাইনালে বাংলাদেশের তিনটি গোল হজমের মধ্যে দুটিতে গোলরক্ষক মিলি আক্তারের ভুল ছিল, আরেকটি গোল আসে ডিফেন্ডার আফিদা খন্দকারের ভুল থেকে। দুই সাফে টানা সেরা গোলরক্ষক হওয়া রুপ্না চাকমাকে এবার এক ম্যাচও খেলাননি কোচ। এ প্রসঙ্গে বাটলার বলেন, রুপ্না তাকে যথেষ্ট মুগ্ধ করতে পারেননি। থাইল্যান্ডে মিলি ইনজুরিতে পড়ার পর রুপ্না সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেখানেও ভালো করতে না পারায় মিলিকেই তিনি বেছে নিয়েছেন। ভুল করা খেলাটির অংশ বলেও মন্তব্য করেন বাটলার।
দায়ভার নিয়ে বাটলার বলেন, তিনি কোনো অজুহাত দিতে আসেননি। টেকনিক্যাল দিকের সব দায় নিজের কাঁধে নিচ্ছেন বলেও স্পষ্ট জানান এই কোচ। তার মতে, অন্য কোনো জটিলতা বা বিষয় তার দেখার দায়িত্ব নয়, তিনি নিজের কাজের জন্যই জবাবদিহি করতে বাধ্য।
ফাইনালে ভারতের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারলেও আগের গ্রুপ ম্যাচের তুলনায় নিজেদের কিছুটা উন্নত পারফরম্যান্স দেখেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছিল মারিয়াদের দল। বাটলারের ভাষায়, ফাইনালে বাংলাদেশ বেশ কিছু সময় ম্যাচের নিয়ন্ত্রণে ছিল। ঋতুপর্ণার গোলে সমতায়ও ফিরেছিল দলটি।
তবে ম্যাচের গুরুত্বপূর্ণ মোড় আসে আনিকা ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ার পর। বাটলার জানান, আনিকাকে ৯ নম্বরের বদলে ১০ নম্বর পজিশনে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, আর সেখানে সে খুব ভালো খেলছিল। ঋতুও ভালো পারফর্ম করেছে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তরুণ আফরিনের প্রশংসা করে বাটলার বলেন, ১৮ বছর বয়সী এই ফুটবলার ভবিষ্যতে দলের গুরুত্বপূর্ণ নাম হতে পারে। তবে কিছু অভিজ্ঞ খেলোয়াড় এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছে বলেও ইঙ্গিত দেন তিনি।
নারী দলের দায়িত্ব দুই বছরের বেশি সময় ধরে পালন করা বাটলার ভবিষ্যৎ নিয়েও খোলামেলা কথা বলেন। তিনি জানান, নিজের পরিস্থিতি নিয়ে বেশি কথা বলতে চান না। কাজী সালাউদ্দিন তাকে দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছিলেন, আর তিনি সেটাই গ্রহণ করেছিলেন। সংকটমোচকের মতো কাজ করতেই তিনি এসেছিলেন বলেও মন্তব্য করেন বাটলার। এখন নিজের চুক্তির শেষ পর্যায়ে আছেন এবং ভবিষ্যতে অন্য কোথাও নতুন চ্যালেঞ্জ নিতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।
