ঢাকায় বসছে হ্যান্ডবলের আন্তর্জাতিক মঞ্চ

ঢাকায় বসছে হ্যান্ডবলের আন্তর্জাতিক মঞ্চ

ঢাকায় বসছে হ্যান্ডবলের আন্তর্জাতিক মঞ্চ । বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর শুরু হওয়ার ঠিক আগের দিনই রাজধানী ঢাকায় বসছে হ্যান্ডবলের আন্তর্জাতিক মঞ্চ। ১১ জুন বিশ্বকাপ ফুটবল পর্দা উঠবে, তার আগের দিন পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ ট্রফি ২০২৬। পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেবে ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ।

অনূর্ধ্ব-২০ বিভাগে দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, নেপাল ও ইয়েমেন। আর ‘বি’ গ্রুপে খেলবে মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৪ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব। অন্যদিকে অনূর্ধ্ব-১৮ বিভাগের সব ম্যাচ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। সেখানে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন।

ঢাকায় আন্তর্জাতিক হ্যান্ডবলের ইতিহাসও বেশ পুরোনো। প্রথমবার ২০০০ সালে এখানে বসেছিল আন্তর্জাতিক আসর। সেবার অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান উইমেন্স জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। এরপর ২০১০ সালে দক্ষিণ এশিয়ান গেমসে হ্যান্ডবল ডিসিপ্লিন যুক্ত ছিল। সর্বশেষ ২০২৩ সালের মে মাসে ঢাকায় আয়োজিত হয়েছিল আইএইচএফ উইমেনস চ্যালেঞ্জ ট্রফি। ওই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ বিভাগে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ অংশ নিয়েছিল। সেবার মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিভাগে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

এবারের আসর সামনে রেখে দুই মাস ধরে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক রাতুল উদ্দিন জানিয়েছেন, গ্রুপের প্রতিটি ম্যাচ জিতে ফাইনালে ওঠাই তাদের প্রথম লক্ষ্য। অনূর্ধ্ব-১৮ দলের অধিনায়ক আসাদুল্লাহ আদিবও প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। তার মতে, জাতীয় দল, পুলিশ, বিজিবি ও ঢাকা দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে তারা নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পেয়েছেন। ঘরের মাঠে সর্বোচ্চ দিয়ে দলকে চ্যাম্পিয়ন করার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।

প্রতিযোগিতা উপলক্ষ্যে ৬ জুন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। সেখানে ফেডারেশনের কর্মকর্তাসহ স্পনসর প্রতিষ্ঠান ও টুর্নামেন্ট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের জোনভিত্তিক কাঠামোর আওতায় দক্ষিণ ও মধ্য এশিয়া নিয়ে গঠিত এশিয়ান জোন-২-এ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই জোনে চ্যাম্পিয়ন হওয়া দল পরবর্তী ধাপে পুরো এশিয়ার মূল পর্বে খেলার সুযোগ পাবে।

ফুটবলের বিশ্বমঞ্চের ঠিক আগমুহূর্তে ঢাকার হ্যান্ডবল স্টেডিয়াম তাই নতুন এক প্রতিযোগিতার উত্তাপে ভরে উঠতে যাচ্ছে। বিশ্বকাপের আলো যখন ফুটবলে, তখনই আরেকটি ক্রীড়া উৎসবের অপেক্ষায় রাজধানী।

Exit mobile version