রোনালদোর বিনিয়োগ করা ইউটিউব চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপ । ফিফা বিশ্বকাপের সম্প্রচার নিয়ে এখনো ভারত ও বাংলাদেশে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে দুই দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে সরাসরি ম্যাচ দেখার বিষয়টি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এর মধ্যেই জানা গেছে, ক্রিশ্চিয়ানো রোনালদোর বিনিয়োগ করা একটি ইউটিউব চ্যানেল আসন্ন বিশ্বকাপের ১০৪টি ম্যাচই বিনামূল্যে সম্প্রচার করবে।
সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের তারকা রোনালদো সম্প্রতি ব্রাজিলিয়ান স্পোর্টস মিডিয়া কোম্পানি লাইভমোডে বিনিয়োগ করেছেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বে থাকা কেজটিভি ইউটিউব প্ল্যাটফর্মে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।
তবে এই সুবিধা শুধু ব্রাজিলের দর্শকদের জন্য। ব্রাজিলিয়ান ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েল ২০২২ সালে লাইভমোডের সঙ্গে অংশীদারত্ব করে কেজটিভি চালু করেন। ওই বছরের বিশ্বকাপে কিছু ম্যাচ সম্প্রচারের পর ফিফা নারী বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো বড় টুর্নামেন্টও সম্প্রচার করেছে তারা।
আসন্ন বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের দর্শকদের জন্য ৪কে রেজোলিউশনে ম্যাচ দেখানোর পরিকল্পনা করেছে কেজটিভি। পাশাপাশি পর্দার পেছনের বিশেষ দৃশ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ আয়োজনও থাকবে, যার লক্ষ্য তরুণ ফুটবলপ্রেমীদের আকৃষ্ট করা।
তবে ভারত বা বাংলাদেশের দর্শকরা কেজটিভির ইউটিউব কিংবা টুইচ চ্যানেলে প্রবেশ করলেও সরাসরি ম্যাচ দেখতে পারবেন না। কারণ ব্রাজিলের বাইরে অন্য অঞ্চলের জন্য সম্প্রচারটি সীমাবদ্ধ থাকবে। কেজটিভি ও এর মূল প্রতিষ্ঠান লাইভমোড কেবল ব্রাজিলিয়ান অঞ্চলের ডিজিটাল স্বত্ব কিনেছে।
এদিকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জানা গেছে, ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দৌড়ে এগিয়ে রয়েছে জি। তাদের স্পোর্টস চ্যানেল ও জিফাইভ অ্যাপের মাধ্যমে ম্যাচগুলো দেখানো হতে পারে।
