আবারও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারত

ফাইনাল শেষ হওয়ার প্রায় ৫০ মিনিট পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে একে একে ওঠেন ম্যাচ কর্মকর্তারা ও রানার্সআপ শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা। লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি। এরপরই শেষ হয়ে যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে দেখা যায়নি চ্যাম্পিয়ন ভারতীয় দলকে।

রোববার নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে শিরোপা জেতে ভারত। এই জয়ের মাধ্যমে গত আসরের ফাইনালে হারের প্রতিশোধও নেয় হারমানপ্রিত কৌরের দল। নারী এশিয়া কাপের ১০ আসরে এটি ভারতের অষ্টম শিরোপা।

নাকভির কাছ থেকে ভারত যে ট্রফি নেবে না, তার ইঙ্গিত অবশ্য ফাইনাল শেষ হওয়ার পরই পাওয়া যায়। সাধারণত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়কদের প্রতিক্রিয়া নেওয়া হলেও এবার মাঠেই ম্যাচ শেষ হওয়ার পরপর ভারতীয় অধিনায়কের বক্তব্য নেওয়া হয়। পরে পুরস্কার বিতরণী শুরু হলেও ভারতীয় দলের কাউকে মঞ্চের সামনে দেখা যায়নি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবাজিৎ সাইকিয়া পরে জানান, দুই দেশের চলমান সামরিক উত্তেজনার কারণেই এই সিদ্ধান্ত। তাঁর ভাষ্য, ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক অবস্থায় নেই। বহুজাতিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেললেও পাকিস্তানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার কাছ থেকে ট্রফি গ্রহণ করতে চায়নি ভারত।

নাকভি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। গত বছরের পুরুষদের এশিয়া কাপের ফাইনালেও নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারত। এবার নারী দলও সেই অবস্থানের সঙ্গে সংহতি জানিয়েছে।

ফাইনালের পর ভারতীয় দল নিজেদের মতো করে শিরোপা উদযাপন করে। দলের নিয়মিত আয়োজন অনুযায়ী সেরা ফিল্ডার নান্দিনি শর্মার হাতে পদক তুলে দেন সাইকিয়া। সেখানে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লাও।

ভারতীয় দলের কোচ অমল মজুমদারও বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, ভারত চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদের কাছে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এশিয়া কাপ শেষ করে এখন দলটির লক্ষ্য এশিয়ান গেমস।

তবে নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়ার পর ভারতীয় দল আনুষ্ঠানিকভাবে শিরোপার ট্রফি পাবে কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles