বিশ্বকাপ শুরুর আগে ফ্লাইট জটিলতায় বিপাকে উরুগুয়ে ফুটবল দল । বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের মাত্র একদিন আগে বড় ধরনের ভ্রমণ জটিলতায় পড়েছে উরুগুয়ে জাতীয় দল। কাগজপত্রসংক্রান্ত সমস্যার কারণে একাধিক ফ্লাইট বিলম্ব ও বাতিল হওয়ায় কোচ মার্সেলো বিয়েলসার দলকে দীর্ঘ সময় মেক্সিকোতে আটকে থাকতে হয়েছে।
মেক্সিকোর প্লায়া দেল কারমেনে প্রস্তুতি ক্যাম্প শেষ করে রোববার যুক্তরাষ্ট্রের মায়ামির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল উরুগুয়ে দলের। পরিকল্পনা অনুযায়ী কানকুন থেকে ফোর্ট লডারডেলে যাওয়ার কথা থাকলেও প্রশাসনিক ত্রুটির কারণে প্রথম ফ্লাইটটি সম্পূর্ণ বাতিল হয়ে যায়।
পরে নতুন একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হলেও সেটিও নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। ফলে দলটি কয়েক ঘণ্টা দেরিতে মায়ামিতে পৌঁছায় এবং আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনসহ অন্যান্য সূচি ব্যাহত হয়। ঘটনার জন্য আয়োজকদের দায়ী করেছে উরুগুয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এউএফ)।
এক বিবৃতিতে তারা জানায়, তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা সমস্যার কারণে মেক্সিকো থেকে যাত্রা বিলম্বিত হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ফিফা বিকেল ৪টা ১৫ মিনিটে ফ্লাইট ছাড়ার সময় নির্ধারণ করে। তবে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে ভিন্ন সুরে কথা বলেন কোচ মার্সেলো বিয়েলসা। তিনি দাবি করেন, ফ্লাইট বিলম্ব দলের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলেনি।
অন্যদিকে অধিনায়ক হোসে মারিয়া হিমেনেজ স্বীকার করেন যে পরিস্থিতি আদর্শ ছিল না। তিনি বলেন,
কিছু জটিলতা ছিল, তবে খেলোয়াড়রা হোটেলে বিশ্রাম নিয়ে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। উরুগুয়ের এই অভিজ্ঞতা চলমান বিশ্বকাপে দেখা দেওয়া বৃহত্তর ভ্রমণ ও প্রশাসনিক সমস্যার অংশ বলেই মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা-এই তিন দেশে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের কারণে বিভিন্ন দলের যাতায়াত ও অভিবাসন-সংক্রান্ত জটিলতা বেড়েছে। ইতোমধ্যে ইরান দলকেও বিশেষ ভিসা ও সীমান্ত নিয়মের কারণে নানা বাধার মুখে পড়তে হয়েছে।
সব প্রতিকূলতা পেছনে ফেলে এখন সৌদি আরবের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করার অপেক্ষায় রয়েছে উরুগুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টায়।
