সিলেট টেস্টের শেষ দিনে দ্রুত তিন উইকেট হারানোর পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। ফলে ম্যাচ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৯ রান। শেষ দিনে জয়ের জন্য ৭৮ ওভার সময় পাচ্ছে স্বাগতিকরা।
চতুর্থ দিন শেষে ১৪০ রানে অপরাজিত ছিলেন কাভেম হজ। অন্য প্রান্তে আমির জাঙ্গুর সংগ্রহ ছিল ২০ রান। তবে পঞ্চম দিনের শুরুতেই সাজঘরে ফেরেন হজ। দিনের মাত্র পাঁচ বল খেলে নিজের আগের রানের সঙ্গে দুই রান যোগ করতে পেরেছেন তিনি। শেষ পর্যন্ত ১৯৪ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১৪২ রান করে নাঈম হাসানের শিকার হন এই ব্যাটার। পুল করতে গিয়ে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
এরপর টানা দুই ওভারে আরও দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে নাঈম হাসানের বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ১ রানে ফেরেন শামার জোসেফ।
দলীয় ৩৫০ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পরে ৩৭২ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে। তবে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন জোশুয়া বিশপ। দুটি ছক্কা ও একটি চারে মাত্র ১১ বলে ২০ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ চারশ ছাড়ানোর সম্ভাবনা তৈরি হলেও ৩৯৮ রানেই ইনিংস ঘোষণা করে দলটি। ৩৯ রানে অপরাজিত ছিলেন আমির জাঙ্গু।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে দুটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান।
এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান সংগ্রহ করেছিল। জবাবে তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ২৪২ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ৩৮৬ রান করে। তাতে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা।
শেষ দিনে ব্যাটিংয়ে নামার আগে বাংলাদেশের কোচ সিমন্স মনে করিয়ে দিয়েছেন, পঞ্চম দিনে রান তাড়া করা সব সময়ই কঠিন। তবে উইকেটের অবস্থা ভালো থাকায় আশাবাদী তিনি। তাঁর মতে, দিনের প্রথম ঘণ্টার পরিস্থিতি বুঝেই পরবর্তী পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশকে।
সিমন্স বলেন,
শেষে ব্যাট করতে নামলে পঞ্চম দিনটা সব সময়ই কঠিন হয়। ভালো ব্যাপার হলো উইকেটটা এখনও ভালো খেলছে, উইকেটে কোনো সমস্যা নেই। ওরা কী করে, তা আমরা অপেক্ষা করে দেখব। আজ সকালে আমরা মাঠে নেমেছি এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে খেলব।
ম্যাচের পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের লক্ষ্য নিয়ে সতর্ক সিমন্স। তিনি বলেন, ‘পরিস্থিতি এবং প্রথম ঘণ্টায় কী হয়, তা দেখতে হবে। ওরা কী করে, তা দেখা যাক, তারপর আমরা ঠিক করব দিনের খেলাটা কীভাবে খেলব। এটা একটা টেস্ট ম্যাচ। আপনি টেস্ট ম্যাচ হারতে চান না, আপনি ম্যাচ বাঁচানোর চেষ্টা করেন।




