বিশ্বকাপে খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কারা?

বিশ্বকাপে খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কারা?

"ভলগোগ্রাদ, রাশিয়া: ২৫ জুন, ২০১৮ ভলগোগ্রাদ অ্যারেনায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপে গ্রুপ 'এ'-এর ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মিশরের এসাম আল হাদারি। (ছবি: গেটি ইমেজেস)"

ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে বয়সকে কেবলই একটি সংখ্যা প্রমাণ করেছেন হাতেগোনা কয়েকজন তারকা। মাঠের তীব্র গতি আর শক্তির লড়াইয়ে যেখানে তরুণদের জয়জয়কার, সেখানে ৪০ বছর বা তার বেশি বয়সে বিশ্বকাপের মঞ্চে নামার কীর্তি গড়েছেন মাত্র সাতজন ফুটবলার। তবে ২০২৬ সালের চলতি বিশ্বকাপে এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও অন্তত পাঁচটি নতুন নাম। আসুন দেখে নেওয়া যাক, বিশ্বকাপে খেলা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কারা ?

এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে ম্যাচ খেলার অনন্য রেকর্ডটি নিজের দখলে রেখেছেন মিশরের গোলরক্ষক এসাম আল হাদারি। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে যখন তিনি মাঠে নামেন, তখন তার বয়স ছিল ৪৫ বছর ১৬১ দিন। ২-১ ব্যবধানে হারা সেই ম্যাচে মাঠে নেমে আগের রেকর্ডটিকে দুই বছরেরও বেশি ব্যবধানে পেছনে ফেলে দেন হাদারি।

চলতি বছরের বিশ্বকাপে স্কটল্যান্ডের ২৩ সদস্যের স্কোয়াডে ডাক পাওয়া ৪৩ বছর বয়সী গোলরক্ষক ক্রেগ গর্ডন এখন পর্যন্ত এই আসরের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ডের হয়ে গর্ডন যদি একটি ম্যাচও খেলার সুযোগ পান, তবে তিনি হবেন বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় প্রবীণতম খেলোয়াড়।

তালিকায় যুক্ত হতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। ৪১ বছর বয়সী পর্তুগিজ অধিনায়ক নিজের রেকর্ড গড়া ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামলেই নাম লেখাবেন ৪১ বা তার বেশি বয়সে বিশ্বকাপ খেলা এলিট ক্লাবে। হাদারির পর কেবল ফারিদ মোনদ্রাগন, রজার মিলা এবং প্যাট জেনিংসের এই বয়সে বিশ্বকাপ খেলার কীর্তি রয়েছে।

এছাড়া ৩৯ বছর বয়সী জাপানি ডিফেন্ডার ইউতো নাগাতোমো চলতি আসরে মাঠে নামলে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বয়স্ক খেলোয়াড় হিসেবে জায়গা করে নেবেন। অন্যদিকে বসনিয়া ও হার্জেগোভিনার স্ট্রাইকার এডিন জেকো এবং ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচ , উভয়ের বয়সই এখন ৪০ বছর, যাদের এই বিশ্বকাপে মাঠে দেখার সম্ভাবনা প্রবল। এমনকি কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা নিজের দেশের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগেই ৪০ বছরে পা দেবেন। মাঠে নামলে তিনিও নাম লেখাবেন এই প্রবীণদের তালিকায়।

বিশ্বকাপের ইতিহাসের শীর্ষ ১০ প্রবীণতম খেলোয়াড়

ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী শীর্ষ ১০ খেলোয়াড়ের সবাই ৩৯ বছর বা তার বেশি বয়সে বিশ্বকাপের ম্যাচ খেলেছেন। তালিকাটি নিচে দেওয়া হলো:

খেলোয়াড়ের নাম দল ও প্রতিপক্ষ ম্যাচের তারিখ বয়স
১. এসাম আল হাদারি মিশর বনাম সৌদি আরব ২৫ জুন, ২০১৮ ৪৫ বছর, ১৬১ দিন
২. ফারিদ মোনদ্রাগন কলম্বিয়া বনাম জাপান ২৪ জুন, ২০১৪ ৪৩ বছর, ৩ দিন
৩. রজার মিলা ক্যামেরুন বনাম রাশিয়া ২৮ জুন, ১৯৯৪ ৪২ বছর, ৩৯ দিন
৪. প্যাট জেনিংস উত্তর আয়ারল্যান্ড বনাম ব্রাজিল ১২ জুন, ১৯৮৬ ৪১ বছর, ০ দিন
৫. পিটার শিলটন ইংল্যান্ড বনাম ইতালি ৭ জুলাই, ১৯৯০ ৪০ বছর, ২৯২ দিন
৬. দিনো জফ ইতালি বনাম জার্মানি ১১ জুলাই, ১৯৮২ ৪০ বছর, ১৩৩ দিন
৭. আলী বুমনিজেল তিউনিসিয়া বনাম ইউক্রেন ২৩ জুন, ২০০৬ ৪০ বছর, ৭১ দিন
৮. জিম লেইটন স্কটল্যান্ড বনাম মরক্কো ২৩ জুন, ১৯৯৮ ৩৯ বছর, ৩৩৪ দিন
৯. ডেভিড জেমস ইংল্যান্ড বনাম জার্মানি ২৭ জুন, ২০১০ ৩৯ বছর, ৩৩০ দিন
১০. আতিবা হাচিনসন কানাডা বনাম মরক্কো ১ ডিসেম্বর, ২০২২ ৩৯ বছর, ২৯৬ দিন
Exit mobile version