নরওয়ের বিপক্ষের ম্যাচে খেলবেন কি নেইমার ?

নরওয়ের বিপক্ষের ম্যাচে খেলবেন কি নেইমার?

নরওয়ের বিপক্ষের ম্যাচে খেলবেন কি নেইমার ? চোট নিয়েই ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে যোগ দিয়েছেন নেইমার। কিন্তু এখন পর্যন্ত টুর্নামেন্টে তার উপস্থিতি সীমাবদ্ধ থেকেছে মাত্র কয়েক মিনিটে। তাই রাউন্ড অব ১৬- এ নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন, এবার কি শুরু থেকেই মাঠে দেখা যাবে ব্রাজিলের নাম্বার টেনকে?

বাংলাদেশ সময় রোববার রাতে মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নকআউটের এই লড়াইকে সামনে রেখে নেইমারকে ঘিরে সমর্থকদের কৌতূহল থাকলেও স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি কোচ কার্লো আনচেলত্তি।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে বদলি হিসেবে নেমে শেষ ১৪ মিনিট মাঠে ছিলেন তিনি। এরপর রাউন্ড অব ৩২-এর ম্যাচে তাকে মাঠেই নামাননি আনচেলত্তি।

মাঠে কম সময় পেলেও দলের জন্য গুরুত্বপূর্ণ নেইমার।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ জানিয়েছেন, সীমিত সময় মাঠে নামতে হলেও পরিস্থিতি পেশাদারভাবেই সামলাচ্ছেন নেইমার। তার ভাষায়, নেইমার খেলতে না পেরে সন্তুষ্ট নয়, কারণ সে প্রতিটি ম্যাচেই মাঠে থাকতে চায়। তবে সে শান্ত আছে, অনুশীলনেও ভালো করছে এবং দলের ভেতরে তার উপস্থিতি এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আনচেলত্তি বলেন,

নেইমার শুধু একজন ফুটবলার নন, ড্রেসিংরুমেও তার প্রভাব অনেক বড়। সতীর্থরা তাকে সম্মান করে, ভালোবাসে এবং তিনি এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য।

ডান পায়ের কাফের চোট নিয়েই বিশ্বকাপ খেলতে এসেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখন খেলার জন্য প্রস্তুত। তবে তিনি কতক্ষণ মাঠে থাকতে পারবেন, সেটিই সবচেয়ে বড় প্রশ্ন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে তাকে ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন ইতালিয়ান এই কোচ।

ব্রাজিলের সামনে অবশ্য কঠিন এক পরিসংখ্যানও রয়েছে। ইতিহাসে চারবার মুখোমুখি হলেও নরওয়েকে কখনও হারাতে পারেনি সেলেসাওরা। দুটি ম্যাচ ড্র হয়েছে, বাকি দুটিতে জিতেছে নরওয়ে। শুধু তাই নয়, ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর নকআউট পর্বে কোনো ইউরোপীয় দলের বিপক্ষেও জয় পায়নি ব্রাজিল।

তবে এসব পরিসংখ্যান নিয়ে খুব বেশি ভাবছেন না আনচেলত্তি। তার বিশ্বাস, নরওয়ের শক্তিশালী রক্ষণভাগ ভাঙার সামর্থ্য ব্রাজিলের আছে। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। তবে যেকোনো পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি নিয়েই মাঠে নামবে সেলেসাওরা।

Exit mobile version