টানা চার জয়ে গুজরাট টাইটান্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শনিবার জয়পুরে রাজস্থান রয়্যালসকে ৭৭ রানে হারিয়েছে তারা। এটি আইপিএলে তাদের সবচেয়ে বড় ব্যবধানের জয়।
আইপিএলে টানা চার জয়ে গুজরাট দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। মাঝে টানা দুটি ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল তারা। একই অবস্থা হয়েছে রাজস্থানেরও. টানা দুটি ম্যাচ হেরে এখন তারা কিছুটা পিছিয়ে পড়েছে। অথচ ঘরের মাঠে শনিবারের ম্যাচে জিতলে এমনকি শীর্ষে ওঠার সম্ভাবনাও ছিল। এখন ১১ ম্যাচে সাত জয়ে গুজরাট ১৪ এবং রাজস্থান ছয় জয়ে ১২ পয়েন্ট অর্জন করেছে।
তবে টস জিতে সফরকারী গুজরাটকে আগে ব্যাটিংয়ে পাঠায় তারা। সাই সুদর্শন ও শুবমান গিল ওপেনিং জুটিতেই ১১৮ রান তুলে দেন ১০.৫ ওভারে। উভয়ে অর্ধশতক হাঁকান। সুদর্শন ৩৬ বলে ৬টি চার, ২টি ছক্কায় ৫৫ রানে সাজঘরে ফেরেন।
গিল দ্বিতীয় উইকেটে আরও ৩২ রান যোগ করেন জস বাটলারের (১৩) সঙ্গে। তৃতীয় উইকেটে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ৩৫ রান যোগ করে সেঞ্চুরির পথে এগোতে থাকা গিলও সাজঘরে ফেরেন। তিনি ৪৪ বলে ৯টি চার, ৩টি ছয়ে ৮৪ রানে আউট হন।
ওয়াশিংটন ২০ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে গুজরাট তোলে চার উইকেটে ২২৯ রান। ব্রিজেশ শর্মা চার ওভারে ৪৭ রান দিয়ে নেন দুই উইকেট।
টানা চার জয়ে গুজরাট দ্বিতীয় স্থানে
জবাব দিতে নেমে ৩৮ রানের জুটি গড়েই বৈভব সূর্যবংশী সাজঘরে ফেরেন। তিনি ১৬ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৬ রান করেন। এরপর তেমন বড় কোনো জুটিই হয়নি।
যশ্বসী জয়সওয়াল (৩), ধ্রুব জুরেল ১০ বলে ২৪ (১টি চার, ৩টি ছক্কা) ও শিমরন হেটমায়ার (৬) সাজঘরে ফিরেছেন দ্রুত সময়ের মধ্যে। রবীন্দ্র জাদেজা ছাড়া আর কেউ ভালো করতে পারেননি ব্যাট হাতে।
শেষ পর্যন্ত রাজস্থান ১৬.৩ ওভারেই থেমে যায় ১৫২ রানে। জাদেজা ২৫ বলে ৩টি চার, ২টি ছয়ে ৩৮ রান করেন। আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান চার ওভারে ৩৩ রান দিয়ে নেন ৪টি উইকেট। এ ছাড়া জ্যাসন হোল্ডার ২.৩ ওভারে ১২ রান দিয়ে শিকার করেন তিনজনকে।
সংক্ষিপ্ত স্কোর
- গুজরাট- ২২৯/৪; ২০ ওভার (গিল ৮৪, সুদর্শন ৫৫, ওয়াশিংটন ৩৭*; ব্রিজেশ ২/৪৭, জাদেজা ১/৩৪, পাঞ্জা ১/৩৭)।
- রাজস্থান- ১৫২/১০; ১৬.৩ ওভার (জাদেজা ৩৮, সূর্যবংশী ৩৬, জুরেল ২৪; রশিদ ৪/৩৩, হোল্ডার ৩/১২, রাবাদা ২/৩৩)।
- ফল : গুজরাট টাইটান্স ৭৭ রানে জয়ী।
- ম্যাচসেরা : রশিদ খান।
