২০৩১ নারী বিশ্বকাপ হবে চার দেশে, আর ২০৩৫ সালের আয়োজক যুক্তরাজ্য। ২০৩১ সাল থেকে ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। নারী ফুটবল বিশ্বকাপের ২০৩১ ও ২০৩৫ সালের আয়োজক চূড়ান্ত করেছে ফিফা। ২০৩১ সালের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকায়। চার বছর পর ২০৩৫ সালের আসর বসবে যুক্তরাজ্যের চার দেশ ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে।
সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার ভার্চ্যুয়াল কংগ্রেসে ২১১ সদস্য দেশের সম্মতিতে দুই আসরের আয়োজক নির্বাচন করা হয়। দুটি বিশ্বকাপের জন্যই একক বিড জমা পড়েছিল। ফলে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই অনুমোদন পায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন প্রস্তাব।
২০৩১ সালের আসর দিয়ে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। পুরুষদের বিশ্বকাপের আদলে বাড়ানো হচ্ছে দলসংখ্যা। এতে মোট ম্যাচ হবে ১০৪টি। এর আগে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে ৩২টি দল।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আয়োজক গোষ্ঠী ২০টি শহরের স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রস্তাব করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ১৪টি, মেক্সিকোর চারটি এবং কোস্টারিকা ও জ্যামাইকার একটি করে শহর রয়েছে। কোস্টারিকার সান জোসে ও জ্যামাইকার কিংস্টনও থাকছে এই তালিকায়।
২০৩৫ সালের বিশ্বকাপের জন্য যুক্তরাজ্য ১৯টি সম্ভাব্য ভেন্যুর প্রস্তাব দিয়েছে। এর মধ্যে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম অন্যতম। উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টের উইন্ডসর পার্কও রয়েছে তালিকায়। সংস্কারের পর স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা হবে ২৩ হাজার।
যুক্তরাষ্ট্র এর আগে ১৯৯৯ ও ২০০৩ সালে নারী বিশ্বকাপ আয়োজন করেছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটি এবারও বড় পরিসরে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইংল্যান্ডে এখন পর্যন্ত নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। দেশটি সর্বশেষ ১৯৬৬ সালে পুরুষদের বিশ্বকাপ আয়োজন করেছিল।
দুই আসরকে বাণিজ্যিকভাবে সফল করার পাশাপাশি বিশ্বকাপ থেকে পাওয়া মুনাফা নারী ফুটবলের উন্নয়নে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও আয়োজক দেশগুলোর প্রতিনিধিরা।
ফিফার আয়োজক নির্বাচনের সভায় যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সভাপতি সিন্ডি পারলু কোনি বলেন, ২০৩১ সালের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় নারী ক্রীড়া আয়োজন। এত বড় প্রতিযোগিতা আয়োজনের দায়িত্বও অনেক বেশি।
নারী ফুটবলের প্রসার, খেলোয়াড় তৈরি এবং কোচ ও রেফারি হিসেবে নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেও দুই বিশ্বকাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে ফিফা।




