টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার দুর্দান্ত সূচনা পেয়েছে জিম্বাবুয়ে। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বল হাতে চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে এক উইকেট নেন সিকান্দার রাজা। ফলে আবার আইসিসি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডার হিসেবে এক নম্বরে উঠে এসেছেন তিনি।
বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচে নামার আগে ২৮৯ রেটিং নিয়ে সিকান্দার রাজা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ছিলেন দুই নম্বরে। মাত্র ১ রেটিং পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ছিলেন পাকিস্তানের সাইম আইয়ুব। তিনি রাজাকেই পেছনে হটিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছিলেন।
ওমানের বিপক্ষে ম্যাচ খেলার পর আবার টি-২০ ফরম্যাটে অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ৩৯ বছর বয়সি সিকান্দার রাজা। এখন তার রেটিং ২৯৯। আর সাইম আইয়ুবের রেটিং কমে হয়েছে ২৮২। অর্থাৎ বেশ ভালো ব্যবধানেই এখন এগিয়ে আছেন রাজা।
রাজা-সাইম লড়াই
গেল বছরের শেষের দিকেও টি-২০ র্যাঙ্কিংয়ে অলরাউন্ডার তালিকায় এক নম্বরে ছিলেন সিকান্দার রাজা। এরপর তাকে পেছনে ফেলেছিলেন পাকিস্তানি ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুব। দুজনের মধ্যে এখন এই শীর্ষস্থান দখলের লড়াই নিয়মিতই চলছে।

তিন নম্বরে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া। তবে তিনি রাজা ও সাইমের চেয়ে অনেক পিছিয়ে। হার্দিকের রেটিং মাত্র ২৪৩। চারে থাকা রোস্টন চেজের রেটিং ২২৪ ও ২২১ রেটিং নিয়ে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ পাঁচ নম্বরে রয়েছেন।
সিকান্দার রাজার সঙ্গে সুখবর পেয়েছেন জিম্বাবুইয়ের ওপেনার ব্রায়ান বেনেটও। ওমানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। বাঁহাতি এই ব্যাটারের বর্তমান অবস্থান ১৯ নম্বরে।
আর র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে পরিবর্তন এসেছে মাত্র একটি। তিন ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। তার রেটিং ৭৬৯। ব্যাটিং র্যাঙ্কিংয়ের এক নম্বরেই আছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা, তার রেটিং ৯০৮।

৮২১ রেটিং নিয়ে ফিল সল্ট আছেন দুই নম্বরে। আর চার ও পাঁচ নম্বরে অবস্থান জস বাটলার ও তিলক ভার্মা। বোলিং র্যাঙ্কিংয়ে ৭৭৩ রেটিং নিয়ে এক নম্বরে ভারতের বরুণ চক্রবর্তী। পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ ৭৫৩ রেটিং নিয়ে দুইয়ে। রশিদ খান (৭৩২) তিনে, চারে আদিল রশিদ (৬৯৮) ও পাঁচে ওয়ানিন্দু হাসারাঙ্গা (৬৯১)। বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান আছেন ৮ নম্বরে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















