বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভালো করতে হলে তারকা ক্রিকেটার কিংবা প্রতিষ্ঠিত নামের ওপর নির্ভর না করে সাম্প্রতিক পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই ক্রিকেটারদের পারফরম্যান্সের হিসাব রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে বেশ কয়েকটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। নান্নুর মতে, এসব সিরিজই বিশ্বকাপের সম্ভাব্য সেরা দল বেছে নেওয়ার বড় সুযোগ। তবে দল নির্বাচনে ক্রিকেটারের নাম কিংবা অতীতের সাফল্যের চেয়ে সাম্প্রতিক পারফরম্যান্সকেই অগ্রাধিকার দিতে চান তিনি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, ‘সামনে যে সিরিজগুলো আছে, সেখানে অনেকগুলো ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। সেখান থেকেই সম্ভাব্য সেরা দলটি আমাদের বেছে নিতে হবে। নামের দিকে না গিয়ে আগামী ১০ ইনিংসে কে কেমন পারফর্ম করছে, সেটি দেখতে হবে। এরপর সেরা সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড প্রস্তুত করতে হবে। পারফরম্যান্সই সবার আগে দেখতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে একজন ক্রিকেটার কতটা মানিয়ে নিতে পারছে, সেটিও গুরুত্বপূর্ণ।’
বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপরও জোর দিয়েছেন নান্নু। শুধু বর্তমান সময়ের পারফরম্যান্স নয়, আগামী কয়েক বছর জাতীয় দলের হয়ে খেলার সামর্থ্য আছে-এমন ক্রিকেটার খুঁজে বের করাও নির্বাচক ও কোচদের দায়িত্ব বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে তানজিদ হাসান তামিমের উদাহরণ টেনেছেন নান্নু। ২০২৩ সালে জাতীয় দলে তানজিদকে নেওয়ার পরিকল্পনা নিয়ে সমালোচনা হলেও পরবর্তী সময়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলে মনে করেন সাবেক এই প্রধান নির্বাচক।


