বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। প্রস্তাবিত ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় তিনি এখন ডাকসুর একজন আনুষ্ঠানিক ভোটার।
তানজিম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী। একইসঙ্গে তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের একজন অনাবাসিক ছাত্র হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে হল প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকায় তার নাম স্পষ্টভাবে দেখা গেছে।
এ খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও মজার প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মুহসীন হলের এক শিক্ষার্থী রাফিদ হাসান সাফওয়ান ফেসবুকে লিখেছেন, “হলের ছোট ভাইকে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে দাঁড় করাব ভাবছি। কী বলেন? ভোট দেবেন তো?”
অন্যদিকে, ঢাবির আরেক শিক্ষার্থী আমজাদ হোসেন হৃদয় মজার ছলে মন্তব্য করেন, “ডাকসুর ভবিষ্যৎ ক্রীড়া সম্পাদক তানজিম হাসান সাকিব। ডাকসুর প্রার্থী হওয়ার প্রথম শর্ত—ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করায় তাকে অভিনন্দন।”
তানজিমের এই আনুষ্ঠানিক ভোটার হওয়া নিয়ে শিক্ষার্থীদের এমন মজাদার প্রতিক্রিয়া প্রমাণ করে, তার জনপ্রিয়তা কেবল মাঠেই নয়, ক্যাম্পাসেও সমানভাবে ছড়িয়ে পড়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















