আফ্রিকার প্রতিনিধি আলজেরিয়াকে বিদায় করে আবার বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। ভ্যানকুয়েভারে শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে সুইজারল্যান্ড। উভয়ার্ধে তারা একটি করে গোল করে। ব্রিল এম্বোলো ও ড্যান এনডোয়ে গোল দুটো করেন।
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ড আগামী ৭ জুলাই মাঠে নামবে। তবে তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। শেষ বত্রিশে মুখোমুখি হওয়া কলম্বিয়া ও ঘানার মধ্যেকার জয়ী দল সুইজারল্যান্ডের মোকাবেলা করবে।
বিশ্বকাপ ফুটবলে সুইজারল্যান্ডের সেরা সাফল্য ১৯৫৪ সালে। সেবার আয়োজক হয়ে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। তবে নিয়মিত তারা শেষ ষোলোতে খেলে থাকে। এবারও পৌঁছে গেছে শেষ ষোলোতে। এ নিয়ে টানা চতুর্থ আসরে তারা প্রি কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে। সর্বশেষ ছয় আসরের পাঁচবারই তারা শেষ ষোলোতে পৌঁছালো। তবে শেষ ষোলোতে তারা কখনো সাফল্য পায়নি। দেখা পায়নি জয়ের। এবার প্রথমবারের মতো তারা নক আউটে জয়ের দেখা পেয়েছে। শেষবার তারা নক আউটে জয় পেয়েছিল ১৯৩৮ সালে।
শুরুতে উভয় দল চাপে
ম্যাচের শুরু থেকেই উভয় দলের সামনে নক আউটের চাপ ছিল। স্নায়ুচাপে ভুগছিল উভয় দল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সুইজারল্যান্ড বলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। আলজেরিয়াও পিছিয়ে ছিল না। তারাও সুইজারল্যান্ডের আক্রমণের জবাব দিচ্ছিল সমানতালে। আক্রমণে গতি থাকলেও ফিনিশিংয়ের ঘাটতির কারণে আলজেরিয়াকে মূল্য দিতে হয়েছে।

ম্যাচের মাত্র দশম মিনিটে সুইজারল্যান্ড পার্থক্য গড়ে নেয়। ব্রিল এম্বোলো করেন গোলটি। দারুণ এক প্লেসিং শটে গোলটি করেন তিনি। তার আগেই অবশ্য আলজেরিয়া গোল করে এগিয়ে যেতে পারতো। কিন্তু দুর্ভাগ্য তাদের। গোলরক্ষককে সামনে একা পেয়েও গোল করতে পারেনি। বলা যায় ভাগ্য তাদের সহায় ছিল না। বল সুইজারল্যান্ডের গোলরক্ষকের পায়ে লেগে বাইরে চলে যায়।
গোলের পর আক্রমণে ধার সুইজারল্যান্ডের
এক গোলে এগিয়ে যাওয়ার পর সুইজারল্যান্ড আক্রমণের ধার বাড়িয়ে দেয়। একের পর এক আক্রমণ করে তারা। কিন্তু গোলের সংখ্যা বাড়াতে পারেনি।গোলের সুযোগ পেয়েছে আলজেরিয়া। তারাও সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে প্রথমার্ধে ম্যাচে ফেরা হয়নি তাদের।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় সুইজারল্যান্ড। এবারের গোলদাতা ড্যান এনডোয়ে। সুইজারল্যান্ডের এ গোলের সঙ্গে সঙ্গে আলজেরিয়ার বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যায়। তাদের বিদায়ের ফলে নক আউটে উঠে আসা ৯ দলের মাঝে পঞ্চম দলের বিদায় হলো। এখনো টিকে আছে চারটি দল। এর মাঝে মরক্কো পৌঁছেছে শেষ ষোলোতে। তাদের সঙ্গী হওয়ার অপেক্ষায় মিসর, কেপভার্দে ও ঘানা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















