বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের কাছে হার। তারপর ঘুরে দাঁড়ানো। রূপকথা রচনা। টুর্নামেন্টের বাকি ম্যাচে একের পর এক জয়ে চ্যাম্পিয়ন হওয়া, প্রীতি ম্যাচেও সেই জয়ের ধারাবাহিকতা ধরে। বিশ্বকাপ বাছাই পর্বের গত চার ম্যাচেও জয় অব্যাহত। অবশেষে আজ ভোরে উরুগুয়ের কাছে নিজেদের মাঠে পথ হারালো মেসিরা। বোম্বাবোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ০-২ গোলে হেরেছে আর্জেন্টিনা।
রোনাল্ড আরাজাউ এবং ডারউইন নুনেজ উভয়ার্ধে একটি করে গোল করেন। যোগ্য দল হিসেবেই উরুগুয়ে ম্যাচে জয় পেয়েছে। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে উরুগুয়ে। ১০ পয়েন্ট তাদের। ১২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এখনো শীর্ষস্থান ধরে রেখেছে।
ম্যাচ শেষে মেসি বলেন, উরুগুয়ে দারুণ এক দল। তারা আমাদের জন্য খেলাটা কঠিন করে তুলেছিল। শারীরিকভাবে তারা অনেক শক্তিশালী এবং মাঝমাঠে তারা অনেক দ্রুত। আমরা কখনোই স্বস্তিতে খেলতে পারিনি। আমরা দীর্ঘ সময় বল ধরে রাখতে পারিনি। সুতরাং খেলা হয়েছে দ্রুত গতিতে এবং তাদের খেলার ধরণের সঙ্গে আমরা তাল মেলাতে পারিনি। ফলে আমরা আমাদের স্বাভাবিক খেলাটাও খেলতে পারিনি।
আর্জেন্টিনার এই হার অধিনায়ক লিওনেল মেসি মোটেও নেতিবাচকভাবে দেখছেন না। বরং ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে এই হারকে তিনি সতর্ক সংকেত হিসেবে দেখছেন। তিনি বলেন, এই হার আমাদের জন্য দারুণ এক পরীক্ষা হিসেবে কাজ করবে। এটা যে কোনো সময় ঘটতে পারতো। সুতরাং এখন আমরা সতর্ক হতে হবে এবং আগামী সপ্তাহে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবো।
মেসি উরুগুয়ের কোচেরও প্রশংসা করেন। তিনি বলেন, বিয়েলসা দারুণ এক কোচ। তার অধীনে উরুগুয়ে কেমন উন্নতি করেছে তা সবাই দেখছে। ক্লাব বা জাতীয় দল সবখানেই তার খেলার ধরণ স্বীকৃত। একই সঙ্গে দারুণ এক ঝাঁক খেলোয়াড় পেয়েছেন তিনি।
বিশ্বকাপ বাছাই পর্বে এর আগে অ্যাওয়ে ম্যাচে উরুগুয়ে কখনো আর্জেন্টিনাকে হারাতে পারেনি। আর্জেন্টিনার কোচের অধীনে উরুগুয়ে এবার সেই কাজটা করতে পারলো। আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনাকে হারালো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















