এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এই সিরিজে খেলবেন না মেহেদী হাসান মিরাজ। পরিবারের পাশে থাকতে বিসিবির কাছে ছুটির আবেদন করেছেন অলরাউন্ডার। ইতিমধ্যে মিরাজের ছুটির আবেদন মঞ্জুর করেছে বিসিবি।
এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য দুই সপ্তাহ আগে প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। গত ৬ আগস্ট থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে সেই দল। এক সপ্তাহ ফিটনেস ক্যাম্পের পর মিরপুরে ৩ দিন হয়েছে স্কিল ট্রেনিং সেশন। ক্যাম্প বাকি অনুশীলন করবে সিলেটে। সেই ক্যাম্পের জন্য আজ (১৯ আগস্ট) সিলেটে যাবে দল।
২৫ সদস্যের দলে আছেন মিরাজও। তবে ওয়ানডে অধিনায়ক যাচ্ছেন না সিলেটে। সূত্র জানিয়েছে, দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন মিরাজ এবং তার স্ত্রী। আর তাই এই সময়টা স্ত্রীর পাশে থাকতে চাইছেন টাইগার অলরাউন্ডার। বিসিবিও মেনে নিয়েছে মিরাজের আর্জি। সিলেটের ক্যাম্প এবং নেদারল্যান্ডস সিরিজের সময়টা ছুটিতে কাটাবেন তিনি।
আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৬ আগস্ট দেশে পৌঁছানোর কথা রয়েছে ডাচদের। এর আগের সময়টা স্কিল ট্রেনিংয়ে ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















