আসন্ন ফুটবল বিশ্বকাপে অন্যতম সেরা দল ক্রোয়েশিয়া। তবে এবার ক্রিকেটে বিশ্বরেকর্ড ক্রোয়েশিয়ার ক্যারলের। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে চার ম্যাচে সর্বাধিক ৩৯০ রান করার অনন্য নজির স্থাপন করেছেন দেশটির ব্যাটার কনর ক্যারল।
ফ্রান্সের বিপক্ষে রানের এই বিশ্ব রেকর্ড ক্রোয়েশিয়ার ক্যারল করেছেন পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সাব রিজিওনাল ইউরোপ কোয়ালিফায়ারে। তিনি চার ম্যাচে করেছেন যথাক্রমে ৭১, ১৫০*, ৭৪ ও ৯৫।
আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই এই বিশ্ব রেকর্ড গড়ে টি-টোয়েন্টির রেকর্ডবুক ওলটপালট করে দিয়েছেন কনর ক্যারল। চার ইনিংসে তার চেয়ে বেশি রান আর কেউ করতে পারেননি এই ফরম্যাটে। কনর মোট ৩৯০ রান করে বিশ্বরেকর্ড গড়েছেন।
ক্রোয়েশিয়ার এই ব্যাটারের আন্তর্জাতিক অভিষেক হয় ফ্রান্সের বিপক্ষে এপিসকোপিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সাব রিজিওনাল ইউরোপ কোয়ালিফায়ারে। সেই ম্যাচে ২০৯ রানের লক্ষ্যে নেমে নিচের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই তিনি ৩৪ বলে করেন ৭১ রান, দলের অন্যরা মিলে করেন ৫৫ রান।
পরের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়া আগে ব্যাট করে। এবার ক্যারল ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ১৯৯ রান এনে দেন। অর্থাৎ বাকিরা মিলে মাত্র ৪৯ রান করতে পেরেছেন। সেই ম্যাচ ক্রোয়েশিয়া জিতে যায় ১৬ রানে।

বাঁহাতি এই ব্যাটার জার্সির বিপক্ষে ২৮১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৭৪ রানের ইনিংস খেলেন। যদিও ম্যাচটি হেরে যায় তার দল ক্রোয়েশিয়া। পরে সাইপ্রাসের বিপক্ষে ৭ রানের জয়ের ম্যাচে ৯৫ রান আসে ক্যারলের ব্যাটে।
ম্যাককিয়নকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড ক্রোয়েশিয়ার ক্যারলের
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের প্রথম চার ইনিংস শেষেই এখন ১৩০ গড় ও ২০১.০৩ স্ট্রাইক রেটে ৩৯০ রান ক্যারলের। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো টানা চার ইনিংসে এটি সর্বোচ্চ রান।
তিনি পেছনে ফেলেছেন ফ্রান্সের গুস্তাভ ম্যাককিয়নের ৩৭৩ রানকে। ফরাসি এই ব্যাটারও তার প্রথম চার ইনিংসে রানগুলো করে আগের বিশ্ব রেকর্ড গড়েছিলেন।
ক্যারল টানা চারটি পঞ্চাশের বেশি রান করা ১৫ খেলোয়াড়ের একজন হলেন। জিম্বাবুয়ের সিকান্দার রাজাই কেবল টানা পাঁচটি ইনিংসে অর্ধশতক হাঁকানোর এই কীর্তি গড়ে বিশ্ব রেকর্ডধারী।
অস্ট্রিয়ার বিপক্ষে পঞ্চম স্থান প্লে অফ ম্যাচে এই রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় ছিলেন ক্যারল। আরেকটি ফিফটি হাঁকাতে পারলেই সিকান্দার রাজাকে ছুঁয়ে ফেলতে পারতেন তিনি। কিন্তু সেই ম্যাচে মাত্র ৫ রানেই আউট হয়ে গেছেন ক্যারল। তবু ফুটবলের দেশ হিসেবে প্রতিষ্ঠিত দলের কোনো খেলোয়াড়ের ক্রিকেটে এমন পারফরম্যান্স সত্যিই অবিশ্বাস্য।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















