ফিল সল্টের অপরাজিত সেঞ্চুরি ও সাকিব মাহমুদের চমৎকার বোলিংয়ের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে ইংল্যান্ড। বার্বাডোজে শনিবার রাতে অনুষ্ঠিত দিবারাত্রির ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে ইংলিশরা। ৯ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের করা ১৮২ রানের জবাবে ইংল্যান্ড ১৬.৫ ওভারে জয় তুলে নেয়। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
অপরাজিত ১০৩ রান করে ফিল সল্ট ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। তার সাফল্যে ম্লান হয়েছে সাকিব মাহমুদের ৪ উইকেট শিকারের কৃতিত্ব। ৩৪ রানে ৪ উইকেট পান তিনি।
টস জয়ের পর ইংল্যান্ড প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। তাদের বোলিং দাপটে ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটার এককভাবে সাফল্য দেখাতে না পারলেও তাদের সম্মিলিত অবদানে স্কোরবোর্ডটা বেশ সমৃদ্ধ হয়েছিল। মাত্র ১৮ রানের মধ্যে তিন উইকেট হারালেও নিকোলাস পুরানের ৩৮, আন্দ্রে রাসেলের ৩০, রোমারিও শেফার্ডের ৩৫ ও গুদাকেশ মতির বিধ্বংসী ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহকে ১৮২তে নিয়ে যায়। গুদাকেশ মাত্র ১৪ বলে ৩৩ রান করেন। চারটি বাউন্ডারির পাশাপাশি দুটো ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে।
ব্যাট হাতে নেমে জয় নিয়ে মোটেও দুঃশ্চিন্তা করতে হয়নি ইংল্যান্ডকে। সল্টের বিধ্বংসী ব্যাটিং ইংল্যান্ডের কাজটা সহজ করে দেয়। সল্ট এতটাই বিধ্বংসী ছিলেন যে, ষষ্ঠ ওভারের শেষ বলে যখন উইল জ্যাক প্রথম ব্যাটার হিসেবে আউট হন তখন তার রান ১৭ আর দলীয় রান ৭৩। সল্ট শেষ ৫৪ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। ৯টি বাউন্ডারির পাশাপাশি ছয়টি ওভার বাউন্ডরি ছিল তার ইনিংসে।
সল্টের পাশাপাশি জ্যাকব বেথেলও মারমুখী ব্যাটিং করেছেন। ৩৬ বলে করেছেন ৫৮ রান। যা দলকে সহজে জয় এনে দেয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















