বিশ্বকাপের গুরুত্বপূর্ন ম্যাচে মুখোমুখি চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা । বিশ্বকাপের গ্রুপ ‘এ’-তে নকআউট পর্বে যাওয়ার লড়াই জমে উঠেছে শুরুতেই। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হচ্ছে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও সহ-আয়োজক মেক্সিকোর কাছে হেরে চাপে পড়ে গেছে দুই দলই। তাই শেষ ষোলোতে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই কারও সামনে।
এই ম্যাচ বিশ্বকাপ ইতিহাসেও গড়তে যাচ্ছে এক ব্যতিক্রমী রেকর্ড। প্রথমবারের মতো এমন একটি ম্যাচ হতে যাচ্ছে যেখানে দুই দলের প্রধান কোচের বয়সই ৭০ বছরের বেশি। চেক প্রজাতন্ত্রের কোচ মিরোস্লাভ কুবেকের বয়স ৭৪ বছর ২৯০ দিন, আর দক্ষিণ আফ্রিকার হুগো ব্রোসের বয়স ৭৪ বছর ৬৯ দিন।
মাঠের লড়াইয়ের আগে কিছুটা বিপাকে রয়েছে দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখায় আজ খেলতে পারবেন না দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার ইয়ায়া সিথোল ও থেম্বা জোয়ানে। সিথোলের পরিবর্তে মাঝমাঠে দেখা যেতে পারে থালেন্দে এমবাথাকে। কোচ হুগো ব্রোস সম্ভবত আগের ম্যাচের মতোই ৫-৩-২ রক্ষণাত্মক ফরমেশনেই দল সাজাবেন। তবে আক্রমণে বাড়তি গতি আনতে ওসউইন অ্যাপোলিসকে নামানোর সম্ভাবনাও রয়েছে। মেক্সিকোর বিপক্ষে ৯২.৯ শতাংশ নিখুঁত পাস দেওয়া তেবোহো মোকোয়েনার ওপরও থাকবে বাড়তি নজর।
অন্যদিকে প্রথম ম্যাচে হারলেও চেক প্রজাতন্ত্র শিবিরে বড় পরিবর্তনের আভাস নেই। শুধু আক্রমণে গতি বাড়াতে লুকাস প্রোভোদের বদলে অ্যাডাম হ্লোজেককে শুরুর একাদশে দেখা যেতে পারে। পরিসংখ্যানও এগিয়ে রাখছে চেকদের। অপ্টা সুপার কম্পিউটারের হিসেবে তাদের জয়ের সম্ভাবনা ৫২.৯ শতাংশ, যেখানে দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা ২৩.৩ শতাংশ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














