উজবেকিস্তানকে হারিয়ে গ্রুপ শীর্ষে কলাম্বিয়া ! কলাম্বিয়া ও উজবেকিস্তানের ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ প্রত্যেক দলের একটা করে ম্যাচ শেষ হলো। বৃহষ্পতিবার সকালে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কলাম্বিয়া ৩-১ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। জয়ী দল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। দানিয়েল মুনোজ, লুইস দিয়াজ ও ইয়ামিন্টন ক্যাম্পাজ কলাম্বিয়ার হয়ে গোল করেছেন। উজবেকিস্তানের হয়ে ব্যবধান কমান আবোসবেক ফেজুলায়েভ।
কলাম্বিয়া নেতৃত্বে
এ জয়ের ফলে ‘কে’ গ্রুপে কলাম্বিয়া পুরো তিন পয়েন্ট নিয়ে নেতৃত্ব দিচ্ছে। গ্রুপের অপর ম্যাচে ডি আর কঙ্গোর সঙ্গে ড্র করে পর্তুগাল। উভয় দলের পয়েন্ট ১। উজবেকিস্তানের ভান্ডার শূন্য।
গোলের খেলায় ফুটবলে কলাম্বিয়া তিনবার উজবেকিস্তানের জালে বল ফেললেও এশিয়ার দলটি দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল। প্রথমবার খেলতে এসে তারা প্রমাণ করেছে অভিজ্ঞতার অভাবে তাদেরকে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। প্রথমার্ধের বেশির ভাগ সময় দারুণ দক্ষতায় দক্ষিণ আমেরিকার অভিজ্ঞ দল কলাম্বিয়াকে তারা গোল থেকে দূরে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রতিরোধ সফল হয়নি। প্রথমার্ধের শেষ সময়ে গোল পেয়ে যায় কলাম্বিয়া। ম্যাচের ৪০ মিনিটের সময় গোলটি করেন দানিয়েল মুনোজ।

দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ দক্ষতায় ম্যাচে ফিরে আসে উজবেকিস্তান। এলদর শোমুরোদভের ভলি কলাম্বিয়া গোলরক্ষক কামিলো ভার্গাস বিপদমুক্ত করতে ব্যর্থ হন। ফলে গোলমুখে বল পেয়ে যান আবোসবেক ফেজুলায়েভ। শুধুমাত্র মাথা ছুঁয়ে বলকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে কোনো কষ্ট করতে হয়নি তাকে। তবে এই গোলের আনন্দ উজবেকিস্তানের জন্য খুব বেশিক্ষন স্থায়ী হয়নি, মাত্র পাঁচ মিনিট। লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় কলাম্বিয়া। বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে বল দূরের পোস্টে পাঠিয়েছেন তিনি। তার শট উজবেক গোলরক্ষক থামানোর জন্য ঝাঁপিয়েছিলেন। কিন্ত বলের গতিপথ খুব একটা পরিবর্তন করতে পারেননি, ফলে বল জালে আছড়ে পড়ে।
শেষ সময়ে গোল
খেলা যখন শেষ পর্যায়ে তখন আবার গোলের আনন্দে মাতে কলাম্বিয়ার ভক্তরা। দীর্ঘ অতিরিক্ত সময়ের খেলার নবম মিনিটে ইয়ামিন্টন ক্যাম্পাজ গোলের খাতায় নাম লিখিয়ে কলাম্বয়িাকে ৩-১ গোলে জয় এনে দেন।
বিশ্বকাপ ফুটবলে ‘কে’ গ্রুপে আরও রয়েছে পর্তুগাল ও ডি আর কঙ্গো। এ দুই দলের ম্যাচটি ১-১ গোলে শেষ হয়েছে। ফলে উভয় দলের ভান্ডারে এক পয়েন্ট করে জমা হয়েছে। পর্তুগাল তাদের পরের ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে। কলাম্বিয়া খেলবে কঙ্গোর বিপক্ষে। এই গ্রুপের শেষ ম্যাচ দুটো মাঠে গড়াবে ২৭ জুন। এদিন কলাম্বিয়ার প্রতিপক্ষ পর্তুগাল আর উজবেকিস্তান খেলবে কঙ্গোর বিপক্ষে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















