ইংল্যান্ডে ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভুত রবিন

ইংল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে তাঁর হাজির হওয়ার কথা রয়েছে। ইংল্যান্ডের মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিক্সটনে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন-এমন অভিযোগের তদন্তের অংশ হিসেবে গত বছরের ২৭ আগস্ট রবিন দাসকে গ্রেপ্তার করা হয়। পরে চলতি বছরের ২৩ জুলাই তাঁর বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়।

২৪ বছর বয়সী রবিন অভিযোগ আনার দুই দিন আগে, ২১ জুলাই এসেক্সের হয়ে চলতি মৌসুমে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র প্রথম দলের ম্যাচ খেলেছিলেন। মিডলসেক্সের বিপক্ষে ওয়ানডে কাপের ওই ম্যাচের পর তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে এসেক্স।

এক বিবৃতিতে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ওয়ালথাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে ২৩ জুলাই ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ৩০ মার্চ ব্রিক্সটনে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন-এমন অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই নারী বর্তমানে বিশেষজ্ঞ কর্মকর্তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

২০২০ সালে এসেক্সের হয়ে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় রবিনের। তাঁর বাবা মৃদুল কান্তি দাস সিলেটের নাগরিক হওয়ায় বাংলাদেশের সঙ্গেও তাঁর পারিবারিক সংযোগ রয়েছে। ২০২৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটর্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন এই ব্যাটার।

এসেক্সের হয়ে এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন রবিন। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি সেঞ্চুরিও করেন তিনি। একই মৌসুমে এসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালেও খেলেছিলেন।

ইংল্যান্ডে আইনি প্রক্রিয়ায় রবিন

রবিনের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব জানিয়েছে, তাদের চুক্তিবদ্ধ একজন খেলোয়াড় সম্প্রতি ক্লাবের কার্যক্রমের বাইরের একটি ঘটনার বিষয়ে আদালতে হাজির হয়েছেন। ক্লাবটি আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ), ক্রিকেট রেগুলেটর এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ রাখছে। ঘটনার পর রবিনকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয় এবং সেই সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।

spot_imgspot_img
spot_img

Related Articles