প্রায় দুই বছর জাতীয় দলে ফিরে চমক দিয়েছেন সাইফ হাসান। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে ২ উইকেটের পর ব্যাট হাতে খেলেছেন ১৯ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস। ম্যাচের পর সাইফ জানিয়েছেন, তাঁর প্রত্যাবর্তনের পেছনে অবদান আছে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালেহউদ্দিনের। তাঁর সঙ্গেই কাজ করেছেন লম্বা সময়।
রোববার সিলেটে অনুশীলনের আগে কোচ সালাহউদ্দীন সাংবাদিকদের বলেন, ‘আপনাদের আমি আগেও অনুরোধ করেছি, কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলবেন না। কাউকে এত তাড়াতাড়ি নিচেও নামিয়ে ফেলবেন না।’
সাইফের ফেরাটা কিছুটা অবাক করার মতোই। ক্যারিয়ারের শুরুতে টেস্টের জন্য মানানসই ভাবা হতো তাঁকে। এই সংস্করণ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা পড়ে তাঁর। কিন্তু ৬ টেস্টের ক্যারিয়ার থমকে যায় কোনো হাফ সেঞ্চুরি ছাড়া। ২০২৩ সালের পর আবার সাইফের দলে ফেরার পেছনে শক্ত মানসিকতার ভূমিকা দেখেন সালাহউদ্দীন, ‘যেকোনো মানুষই যখন পিছিয়ে যায়, সেখান থেকে সবাই বেরিয়ে আসতে পারে না। যেহেতু ওর একটা তকমা ছিল টেস্ট ক্রিকেটার, সেখান থেকে বেরিয়ে এসে যে দৃঢ়তা দেখিয়েছে, এটা সবার ভেতরে থাকে না। উন্নতি তো করে যেতেই হবে। কিন্তু তার চেষ্টা ছিল। এটা সে নিজেই করেছে। নিজেকে অন্য জায়গায় দেখতে চেয়েছে।’
এছাড়া সালাহউদ্দীনের বিশ্বাস, ‘অনেক মানুষই চেষ্টা করে, কিন্তু ধৈর্যটা অনেকের হয়তো এক মাস থাকে, দুই মাস থাকে, এক বছর থাকে। কিন্তু তার ধৈর্যটা চার বছর ধরে দেখলাম। এটা একটা বড় ধরনের…। আপনি কত দিন ধরে ধৈর্য ধরে রাখছেন। সেটার ফলই হয়তো সে পাচ্ছে। ভবিষ্যতে হয়তো আরও ভালো করবে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













