বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে দিয়েছেন জাতীয় দলের ফিটনেস ট্রেনার নাথান কেলি। নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বিসিবিকে। ক্রিকেট অপারেশনস বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গত বছরের এপ্রিলে দুই বছরের চুক্তিতে বাংলাদেশে আসেন কেলি। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই দায়িত্ব ছেড়েছেন তিনি। পরিবারকে আরও বেশি সময় দিতেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিসিবিকে জানিয়েছেন এই অস্ট্রেলিয়ান ট্রেনার।
গত মাসে এশিয়া কাপ চলাকালে সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি নিয়েছিলেন কেলি। ২৪ সেপ্টেম্বর বাবা হওয়ার পর আর জাতীয় দলের সঙ্গে যোগ দেননি তিনি। ফলে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ এবং দেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ-দুটিতেই ছিলেন না কেলি।
এই সময়ে জাতীয় দলের ফিটনেস ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইফতেখার রহমান। কেলি দায়িত্ব নেওয়ার পরই ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় আনেন কিছু নতুনত্ব। প্রচলিত বিপ ও ইয়ো-ইয়ো টেস্টের বাইরে গিয়ে তিনি চালু করেন ‘টাইম ট্রায়াল’।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















