প্যারিস সেন্ট জার্মেইতে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। ভবিষ্যত ঠিকানা কোথায় তা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। পিএসজিতে থাকবেন কিনা তার ঠিক ঠিকানা নেই। তেমনি দলের কোচের আচরণটাও বিমাতাসুলভ হয়ে পড়েছে।
কখনো এমবাপ্পেকে মাঠে নামাচ্ছেন কখনো বেঞ্চে বসিয়ে রাখছেন। তবে এমবাপ্পে তার কাজটা করেই যাচ্ছেন। মাঠে নামলেই গোল করছেন। বুধবার রাতে ফ্রেঞ্চ কাপেও তার ব্যতিক্রম হয়নি। নিসকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে তার দল। এমবাপ্পে করেছেন এক গোল।
নিজেদের মাঠের এ খেলায় ম্যাচের শুরুতেই গোলের দেখা পান এমবাপ্পে। চতুর্দশ মিনিটে গোল করেন তিনি। ফ্রাবিয়ান রুইজের সঙ্গে বল দেওয়া নেওয়া করে এমবাপ্পে নিসের গোলরক্ষক মার্সিন বুলকার দুই পায়ের মাঝ দিয়ে বলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। ম্যাচের বয়স আধাঘন্টা হতে না হতেই পিএসজি দ্বিতীয় গোল পেয়ে যায়। নিস গোলরক্ষক বুলকা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে রুইজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়িয়ে নেন।
চার মিনিট ব্যবধানে নিস গোল করে ব্যবধান কমায়। গাতেন ল্যাবোর্ডে করেন গোলটি। ৬০ মিনিটে লুকাস বেরালডো গোল করে পিএসজির ব্যবধান ৩-১ করেন।
আগামী ৩ এপ্রিল পিএসজি সেমিফাইনালে স্তাদে রেনের মুখোমুখি হবে। আগের দিন অন্য সেমিফাইনালে খেলবে লিও ও ভ্যালেন্সিয়েনেস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















