ক্যারিয়ারের ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের আরও কাছে পৌঁছালেন ক্রিস্তিয়ানো রোনালদো। আল নাসরের জার্সিতে নিজের ৯৮৬তম গোলটি করে লক্ষ্য পূরণে বাকি রাখলেন আর মাত্র ১৪টি। তবে ব্যক্তিগত এই সাফল্যের রাতটা শেষ পর্যন্ত সুখকর হলো না পর্তুগিজ মহাতারকার জন্য। সৌদি প্রো লিগের নবম রাউন্ডে আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে তার দল আল নাসর।
ম্যাচের শুরুতেই নিজের জাত চেনান রোনালদো। ১৪ মিনিটে প্রতিপক্ষের অর্ধে বল দখলে নিয়ে স্যামু কস্তা দ্রুত পাস বাড়ান তার দিকে। বক্সের ভেতর থেকে প্রথম স্পর্শেই নিখুঁত শটে বল জালে পাঠিয়ে আল নাসরকে এগিয়ে দেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড।
চলতি ২০২৬-২৭ মৌসুমে লিগে এটি রোনালদোর নবম ম্যাচে অষ্টম গোল। বয়স ও ক্যারিয়ারের এই পর্যায়েও তার গোল করার ধারাবাহিকতা যে অটুট, আরও একবার সেটিই প্রমাণ করলেন তিনি।
কিন্তু রোনালদোর গোলে পাওয়া লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল নাসর। ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আল আহলি। ওয়েন্ডারসন গ্যালেনো, ইভান টনি ও রজার ইবানেজের গোলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় তুলে নেয় স্বাগতিকরা।
ম্যাচে ব্যবধান বাড়ানোর সুযোগও এসেছিল রোনালদোর সামনে। পেনাল্টি থেকে গোল করার সুবর্ণ সুযোগ পেলেও স্পট কিক কাজে লাগাতে পারেননি তিনি। গুরুত্বপূর্ণ সেই পেনাল্টি মিসের হতাশা আর দলের হার—সব মিলিয়ে ৯৮৬তম গোলের ব্যক্তিগত আনন্দও শেষ পর্যন্ত ম্লান হয়ে যায় রোনালদোর।


