সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানী রিবাকিনা

ইউএস ওপেনে এত দিন যেন ভাগ্যই মুখ ফিরিয়ে রেখেছিল ইলিনা রিবাকিনার কাছ থেকে। নিউইয়র্কে এর আগে কখনো শেষ ষোলো পেরোতে পারেননি। এবারও আসর শুরুর আগে গোড়ালির চোট তাঁকে এমন অনিশ্চয়তায় ফেলেছিল যে, আদৌ ইউএস ওপেনে খেলতে পারবেন কি না, সেটিই ছিল প্রশ্ন। সেই রিবাকিনাই এখন নিউইয়র্কের নতুন রানী। শুধু ইউএস ওপেনের ট্রফিই নয়, একই রাতে নিশ্চিত করলেন বিশ্ব টেনিসের এক নম্বর সিংহাসনও।

শনিবারের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে প্রথমবার ইউএস ওপেনের শিরোপা জিতেছেন কাজাখস্তানের রিবাকিনা। এটি তাঁর ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম এবং ২০২৬ সালে দ্বিতীয়। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর এবার ইউএস ওপেনও উঠল তাঁর হাতে। ২০২২ সালে উইম্বলডন জেতা রিবাকিনা এখন ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা থেকে মাত্র ফ্রেঞ্চ ওপেন দূরে।

ফাইনালে পার্থক্য গড়ে দিয়েছে দুই খেলোয়াড়ের মানসিক দৃঢ়তা। রিবাকিনা ছিলেন বরফের মতো শান্ত, সাবালেঙ্কা বরাবরের মতোই আবেগপ্রবণ। প্রথম সেটে নিজের শক্তিশালী প্রথম সার্ভ পুরোপুরি কাজে লাগাতে না পারলেও রিটার্নে দুর্দান্ত ছিলেন রিবাকিনা। সাবালেঙ্কার ওপর ক্রমেই চাপ বাড়িয়ে ৬-৪-এ সেটটি জিতে নেন তিনি।

দ্বিতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। রিবাকিনার ছন্দ কিছুটা কমে যাওয়ার সুযোগ নিয়ে ১২তম গেমে তাঁর দ্বিতীয় সার্ভে আক্রমণ চালিয়ে ৭-৫ ব্যবধানে সেট জিতে ম্যাচে সমতা ফেরান বেলারুশের তারকা। কিন্তু নির্ণায়ক সেটে আবারও ফিরে আসে তাঁর ভুল ও অস্থিরতা। রিবাকিনার গভীর রিটার্ন সাবালেঙ্কাকে বেসলাইনে আটকে রাখে। ২-১ ব্যবধানে ব্রেক নেওয়ার পর আর পেছনে তাকাননি তিনি।

নতুন চ্যাম্পিয়ন রিবাকিনা

চ্যাম্পিয়নশিপ পয়েন্টে অবশ্য একবার ডাবল ফল্ট করে সামান্য স্নায়ুচাপের ইঙ্গিত দিয়েছিলেন রিবাকিনা। পরের পয়েন্টেই দুর্দান্ত এক এস মেরে সব সংশয় মুছে দেন তিনি। ৬-২ ব্যবধানে সেট জিতে নিশ্চিত করেন ইতিহাস।

চোটের শঙ্কা থেকে ইউএস ওপেন জয়-রিবাকিনার পথটা তাই নিছক একটি শিরোপার গল্প নয়। সিনসিনাটি ওপেনে গোড়ালির চোটে কয়েক দিন হাঁটতেই পারেননি তিনি। নিউইয়র্কে এসে প্রথম চার ম্যাচ জিতেছেন দাপটে। এরপর ঝেং কিনওয়েন ও কোকো গফের বিপক্ষে প্রথম সেট হেরেও ঘুরে দাঁড়িয়ে দেখিয়েছেন লড়াই করার সামর্থ্য।

আর ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়ে প্রমাণ করলেন-২০২৬ সালে নারী টেনিসের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় তিনিই। এই জয়ে সাবালেঙ্কার নিউইয়র্কে টানা ২০ ম্যাচের জয়যাত্রাও থেমে গেল।

শিরোপা জয়ের পর বললেন রিবাকিনা, ‘কিছু জাদু ঘটছে। চোটের কারণে দুর্ভাগ্যজনক সময় গেছে, তাই প্রতিদিনকে আলাদা করে নিয়েছি। আমরা জানতামই না কী হবে। আমি ভীষণ খুশি, এখনো বিশ্বাস করতে পারছি না।’

অন্যদিকে সাবালেঙ্কার জন্য এটি আরেকটি বড় হতাশা। তৃতীয় টানা ইউএস ওপেন জয়ের স্বপ্ন ভেঙেছে, একই সঙ্গে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারিয়েছেন তিনি। গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে এটি তাঁর নবম উপস্থিতি এবং পঞ্চম হার।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles