বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য বাফুফেতে ২৭০ কোচের আবেদন পড়েছে। তবে কোচ নিয়োগের জন্য গঠিত বিশেষ কমিটি সেখান থেকে ১০০ জনকে প্রাথমিকভাবে বাদ দিয়েছে। তালিকাটা আরও সংক্ষিপ্ত হয়ে ২০-৩০ জনের করে তা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে জমা দেবে কমিটি।
হামজা চৌধুরীদের জন্য বাফুফেতে ২৭০ কোচের আবেদন পড়েছে হ্যাভিয়ের কাবরেরার মেয়াদ শেষ হওয়ার পর বিজ্ঞপ্তি দেওয়া হলে। বিশাল এই তালিকা থেকে বাছাই করে উপযুক্তদের খুঁজে বেরা করাটাও বেশ কঠিন। কাঁটছাঁট করে তালিকা সংক্ষিপ্ত করার জন্য বুধবার বিশেষ কমিটি প্রথমবার সভা করে। সেখান থেকেই ১৭০ জনকে আপাতত রাখা হয়েছে।
বাফুফেতে ২৭০ কোচের আবেদন ছোটো হচ্ছে
বাফুফের তিন সদস্যের কমিটি আরেকটি সভা করে তালিকা করবে ২০ থেকে ৩০ জনের। সেখান থেকেই সাক্ষাতকার নিয়ে কোচ নিয়োগ করা হবে। বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও কোচ সংক্ষিপ্ত তালিকাকরণ কমিটির সদস্য কামরুল ইসলাম হিলটন বলেন, ‘২৭০ জন আবেদন করেছিলেন হেড কোচ পদে। আমরা সেখান থেকে ১০০ জন বাদ দিয়েছি। আগামীকাল-পরশু আবারও বসব। এরপর আশা করি ২০-৩০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা জাতীয় দল কমিটিকে দিতে পারব। এরপর তারা সেখান থেকে আরো ছোট কিংবা সাক্ষাৎকার নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।’
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বাফুফে নির্বাহী কমিটির অন্যতম সদস্য ছাইদ হাসান কানন তালিকা সংক্ষিপ্ত করার ক্ষেত্রে যেসব বিবেচনায় নেওয়া হচ্ছে সে বিষয়ে বলেছেন,‘উয়েফা প্রো লাইসেন্স, জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা, বিশেষত এশিয়ায় কাজ করেছে কি না এবং সাফল্য, বয়স ৪০-৬০ এর মধ্যে এগুলো প্রাধান্য দেয়া হচ্ছে। ইউরোপিয়ান এবং আর্জেন্টাইন কোচদের গুরুত্ব দেয়া হচ্ছে।’
চার বছরের বেশি সময় কোচ হিসেবে কাজ করেছেন স্প্যানিয়ার্ড কাবরেরা। আবেদন করলে তাকেও সাক্ষাৎকার দিয়ে আসতে হতো। তবে কোচদের আবেদন পর্যালোচনার সময় কাবরেরার নাম পাওয়া যায়নি বলেই কমিটির সদস্যরা জানিয়েছেন।
বাংলাদেশি কোচদের মধ্যে সাবেক জাতীয় ফুটবলার ও কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর আবেদন পেয়েছে কমিটি। নানা মাধ্যমে কোচ মারুফুল হক জাতীয় দলে আবেদন করেছেন এমনটা রটলেও তার নাম পাওয়া যায়নি।
জাতীয় পুরুষ ফুটবল দলের প্রধান কোচের পাশাপাশি গোলরক্ষক কোচ, যুব দলের কোচও নিয়োগ দেবে বাফুফে। জাতীয় দলের মতো সেখানেও অনেক আবেদন পড়েছে জানিয়ে হিলটন বলেন, ‘গোলরক্ষক কোচের জন্য প্রায় ৪০ ও যুব দলের জন্যও এই রকম সংখ্যক আবেদন আছে। জাতীয় দলের পাশাপাশি এগুলোরও আমরা সংক্ষিপ্ত তালিকা করব।’
বিশেষ কমিটির সঙ্গে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু ও টেকনিক্যাল বিভাগের স্টাফরাও কাজ করছেন। তালিকা সংক্ষিপ্ত হওয়ার পর জাতীয় দল কমিটি কোচদের সঙ্গে বেতন ও আনুষঙ্গিক বিষয়ে সমঝোতায় পৌঁছুলে নিয়োগ চূড়ান্ত হবে।
