বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক বেড়ে দাঁড়াল ৮ জনে। সোমবার বিসিবি নির্বাচনে প্রার্থী শেষপর্যন্ত কারা, চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর শেষপর্যন্ত প্রার্থিতা করছেন ২৯ জন। চূড়ান্ত হওয়া সেই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধি, অর্থাৎ ক্যাটাগরি-১ থেকে নির্বাচনে পরিচালক পদ রয়েছে ১০টি। সেখানে প্রার্থিতা করছেন ১২ জন। এর মধ্যে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, বগুড়া জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর শাকরুল আলম সীমান্ত ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা থেকে মির্জা ফয়সল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। কারণ তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
ঢাকা বিভাগের দুটি পদ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সাইদ বিন জামান ও এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদ। চট্টগ্রাম বিভাগের দুটি পদ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন চৌধুরী। নির্বাচন হবে খুলনা বিভাগের দুটি পদের জন্য। এখানে প্রার্থিতা করছেন ৩ জন- মো. শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মো. আব্দুছ ছালাম। বরিশাল বিভাগের একটি পদের বিপরীতে মো. মিজানুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. মুনতাসির আলম চৌধুরী।
ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব প্রতিনিধিদের থেকে পদ আছে ১২টি, এই জায়গায় হবে হাড্ডাহাড্ডি লড়াই কারণ প্রতিদ্বন্দ্বী ১৬ জন। আবাহনী থেকে ফাহিম সিনহা, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, শাইনপুকুর থেকে আসিফ রব্বানী, উত্তরা ক্রিকেট ক্লাব থেকে ফৈয়াজুর রহমান ও ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক নির্বাচন করছেন। এছাড়া বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস থেকে, আমজাদ হোসেন ঢাকা স্পার্টান্স ক্রিকেট ক্লাব থেকে, মির্জা ইয়াসির আব্বাস আজাদ স্পোর্টিং ক্লাব থেকে এবং ইসরাফিল খসরু এক্সিউম ক্রিকেটার্স থেকে নির্বাচন করবেন।
এছাড়া ইন্দ্রিরা রোড থেকে রফিকুল ইসলাম বাবু, ঢাকা ওয়ান্ডারার্স থেকে অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব থেকে শানিয়ান তানিম, ফেয়ার ফাইটার্স থেকে সাইদ ইবরাহিম আহমেদ, তেজগাঁও ক্রিকেট একাডেমি থেকে সৈয়দ বোরহানুল হোসেন, পূর্বাচল স্পোর্টিং ক্লাব থেকে সাকিফ আহমেদ সালাম ও কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাব থেকে মেজর ইমরোজ আহমেদ (অবঃ) নির্বাচনে প্রার্থিতা করছেন।
অন্যান্য প্রতিনিধিদের ক্যাটাগরি ৩ এর একটি পদে প্রার্থীও একজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সিরাজউদ্দিন মো. আলমগীর।
নির্বাচন কমিশন জানিয়েছে, ফেনী জেলা ক্রীড়া সংস্থা থেকে শরীফুল ইসলাম অপু, লিজেন্ডস অব রূপগঞ্জের মোহাম্মদ লুৎফর রহমান এবং ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মো. মাহমুদ-উর-রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















