কাপ্তাই লেকে ১৬ নভেম্বর ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার

প্রতিযোগিতায় অংশ নেবেন ২০ সাঁতারু

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আগামী ১৬ নভেম্বর ২০২৬ (সোমবার) রাঙ্গামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’। এবারের প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে মোট ২০ জন সাঁতারু অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১০ কিলোমিটার এবং মহিলা বিভাগে ৮ কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি কাপ্তাইয়ের মগবান টিলা থেকে শুরু হয়ে রাঙ্গামাটির পর্যটন সুবিধা অবতরণ ঘাটে গিয়ে শেষ হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ৯ জন পুরুষ ও ৯ জন মহিলা সাঁতারুকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। পাশাপাশি স্বাগতিক হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে একজন পুরুষ ও একজন মহিলা সাঁতারুকে মনোনীত করা হয়েছে।

পুরুষ বিভাগে নির্বাচিত সাঁতারুরা হলেন: বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ ও ফয়সাল আহমেদ, বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা ও পলাশ চৌধুরী, কুষ্টিয়ার সাগরখালী সুইমিং ক্লাবের রবিউল ইসলাম ও মাহফুজ আলী, বিকেএসপির মো. তৌফিক, কিশোরগঞ্জের ভাটি বাংলা সুইমিং ক্লাবের ইমরান হোসেন এবং নিকলী সুইমিং ক্লাবের নিলয় সূত্রধর। স্বাগতিক সাঁতারু হিসেবে অংশ নেবেন রাঙ্গামাটি পার্বত্য জেলার হাফিজুর রহমান।

মহিলা বিভাগে নির্বাচিত সাঁতারুরা হলেন: বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার ও পলি খাতুন, বিকেএসপির নিঝুম আক্তার ও অর্ণা আক্তার, কুষ্টিয়ার শিলাইদহ সুইমিং ক্লাবের নূরজাহান, বগুড়া সুইমিং সেন্টারের অদিতি নাগ, কিশোরগঞ্জের নিকলী সুইমিং ক্লাবের স্বর্ণা আক্তার এবং যশোর সুইমিং ক্লাবের ফারজানা রুমি। স্বাগতিক সাঁতারু হিসেবে অংশ নেবেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সাদিয়া খাতুন।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গামাটি-১ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী।

প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী সাঁতারুদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। পাশাপাশি প্রথম স্থান অর্জনকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্নকারী প্রত্যেক সাঁতারুকে ৫ হাজার টাকা ও সনদপত্র প্রদান করা হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের দূরপাল্লার সাঁতারের মানোন্নয়ন, নতুন প্রতিভার বিকাশ এবং জাতীয় পর্যায়ে সাঁতারুদের উৎসাহ ও উদ্দীপনা আরও বৃদ্ধি পাবে।

spot_imgspot_img
spot_img

Related Articles