সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুধু ফলাফলের জন্য নয়, ইতিহাস গড়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর লাইট) প্রযুক্তির ব্যবহারেও। দক্ষিণ এশিয়ার ফুটবলে প্রথমবারের মতো সাফ টুর্নামেন্টে এবং বাংলাদেশের মাটিতে এই প্রযুক্তির অভিষেক হয়েছে।
ম্যাচের প্রথমার্ধে দাপট দেখায় ভারত। অষ্টম মিনিটে নিখিল প্রভুর বাড়ানো বল থেকে বিষ্ণু গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভারতীয় অধিনায়ক চিংলেনসানা সিং। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভারত।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভুটান। ৪৮তম মিনিটে ভিএআরের সহায়তায় তাদের একটি গোলের সিদ্ধান্ত বহাল থাকে। ভারতীয় ডি-বক্সে ফ্রি-কিকের পর তৈরি হওয়া জটলা থেকে চেনচো গিয়েলশেনের শটের বল কিনজাং তাশি তোবদেন জালে পাঠান। শুরুতে অফসাইডের সিদ্ধান্ত দেওয়া হলেও ভিএআর পর্যালোচনার পর গোলের অনুমোদন দেন রেফারি।
এরপর ৬৫তম মিনিটে আবারও আলোচনায় আসে ভিএআর। ইরফান যাদওয়াদের ক্রস ডি-বক্সে নিমা ওয়াংদির হাতে লাগলে ভারতকে পেনাল্টি দেন রেফারি। তবে অন-ফিল্ড রিভিউয়ের পর নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে পেনাল্টি বাতিল করেন তিনি।
ম্যাচের শেষদিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ভুটান। একাধিক সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি। শেষ মুহূর্তে ছোট বক্স থেকে পাওয়া দারুণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ভুটানের এক ফরোয়ার্ড। ফলে ১৮ বছর পর সেমিফাইনালে উঠেও প্রথমবারের মতো ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো না তাদের।
এবারের সাফের সেমিফাইনাল ও ফাইনালে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে ভিএআর লাইট প্রযুক্তি। ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে ম্যাচের লাইভ ফিড পাঠানো হচ্ছে থাইল্যান্ডের একটি কেন্দ্রীয় অপারেশন হাবে। সেখানে ভিডিও ম্যাচ অফিশিয়ালরা আইএফএবির প্রটোকল অনুসরণ করে রেফারিকে সিদ্ধান্ত নিতে সহায়তা করছেন।
আগামী মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিজয়ীর মুখোমুখি হবে ভারত।


