স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচে সংঘর্ষের পর তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেলের মৃত্যু হয়। এ ঘটনায় অ্যান্ডোরার গোলরক্ষক হেসুস ওনোওকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
গত ২ নভেম্বর দুই দলের ম্যাচের শেষ দিকে দে মিগেলের সঙ্গে সংঘর্ষে জড়ান ২৫ বছর বয়সী ওনোও। এ ঘটনায় রেফারি তাকে লাল কার্ড দেখান। পরদিন মারা যান ৩০ বছর বয়সী ফরোয়ার্ড দে মিগেল।
ফেডারেশনের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, রেফারির প্রতিবেদনের ভিত্তিতে এই শাস্তি দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওনোও অতিরিক্ত শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষের বুকে আঘাত করেন। কমিটির মতে, ঘটনার ধরন ও পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ শাস্তিই যুক্তিসংগত।
এদিকে ম্যাচের ফলাফল নিয়েও সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। ইনজুরি সময়ের সপ্তম মিনিটে ম্যাচটি বন্ধ হয়ে যায়। তখন দুই দল ২-২ গোলে সমতায় ছিল। ফেডারেশন জানিয়েছে, ম্যাচটি আর নতুন করে আয়োজন করা হবে না। এই ফলাফলই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
ফেডারেশনের মতে, এমন মর্মান্তিক ঘটনার পর ম্যাচের ফল বহাল রাখাই সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত।
এদিকে ওনোওর ফুটবলে ফেরা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এফসি অ্যান্ডোরার কোচ কার্লেস মানসো জানিয়েছেন, বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এই গোলরক্ষক। তিনি আবার পেশাদার ফুটবলে ফিরবেন কি না, তা এখনো ঠিক করেননি।
মানসো বলেন, ক্লাব সব সময় ওনোওর পাশে থাকবে এবং তাকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে। ফুটবলে ফিরবেন কি না, কিংবা ফিরলে কবে ফিরবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা তার রয়েছে।
কোচ আরও জানান, সিদ্ধান্ত নেওয়ার জন্য ওনোওকে পর্যাপ্ত সময় দেওয়া হবে। মানসিকভাবে প্রস্তুত বোধ করলেই তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।


