পাকিস্তানকে হারিয়ে ফাইনালের আশা বাংলাদেশের

বাংলাদেশ ফুটবল দলের আক্রমণভাগ নিয়ে দীর্ঘদিনের আলোচিত সমস্যা গোলদাতার অভাব। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে একাধিক খেলোয়াড়ের গোল পাওয়ায় সেই দুশ্চিন্তা অনেকটাই কমেছে। পাকিস্তানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নামার আগে তাই গোল করার সামর্থ্য নিয়ে কোনো সংশয় দেখছেন না বাংলাদেশ কোচ টমাস ডুলি।

আজ শনিবার রাত সাড়ে ৮টায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি কোনো গোল হজম না করেই ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে দলটি। অন্যদিকে ভারতের কাছে ৩-২ গোলে হারের পর মালদ্বীপকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েছে পাকিস্তান।

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে বাংলাদেশের হয়ে গোল পেয়েছেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। এর আগে ভুটানের বিপক্ষে একমাত্র গোলটি করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম।

পাকিস্তান ম্যাচের আগে শুক্রবার অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন কোচ ডুলি। তিনি মনে করেন, ইব্রাহিমকে প্রকৃত নাম্বার নাইন হিসেবে বিবেচনা করা ঠিক নয়। বরং আক্রমণের বিপজ্জনক জায়গায় ঢুকে গোল করার দক্ষতাই তার বড় শক্তি।

কোচের মতে, হামজা ও ফারহানও প্রতিপক্ষের রক্ষণে বড় হুমকি তৈরি করতে পারেন। বিশেষ করে ফারহানের গতি, ড্রিবলিং ও শট নেওয়ার দক্ষতা পাকিস্তানের লম্বা গড়নের ডিফেন্ডারদের বিপাকে ফেলতে পারে।

তবে আত্মবিশ্বাস থাকলেও অতিরিক্ত আত্মতুষ্টিতে ভুগতে চান না ডুলি। তার মতে, বাংলাদেশের আক্রমণভাগে এখন একাধিক গোল করার মতো খেলোয়াড় রয়েছে। তাই প্রতিপক্ষকে শুধু একজন নয়, পুরো আক্রমণভাগকেই সামলাতে হবে।

spot_imgspot_img
spot_img

Related Articles