বাংলাদেশের স্বপ্নভঙ্গ, প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান

ম্যাচের শেষ দিকে আবদুল সামাদ শাহজাদের করা গোলে বাংলাদেশকে ১-০ ব্যবধানে হারিয়ে সাফের ফাইনালে পাকিস্তান জায়গা করে নিয়েছে। শনিবার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা নির্ধারণী ম্যাচ অর্থাৎ ফাইনালে উঠল পাকিস্তান।

আগামী ১৭ নভেম্বর একই ভেন্যুতে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের মতো ফাইনাল নিশ্চিত করে ভারত।

এদিকে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে। সর্বশেষ ২০০৫ সালে সাফের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর সেই মঞ্চে ফেরার সুযোগ তৈরি হলেও শেষ মুহূর্তের গোলে তা হাতছাড়া হলো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। সপ্তম মিনিটে রাকিব হোসেনের পাস থেকে বক্সের বাইরে শট নেন সৈয়দ শাহ কাজেম কিরমানী। তবে পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ সহজেই তা প্রতিহত করেন।

২২ মিনিটে ডান দিক থেকে ফারহান আলী ওয়াহিদের নেওয়া কর্নার থেকে রাকিব হোসেন গোলের সুযোগ তৈরি করলেও পাকিস্তানের গোলরক্ষকের দৃঢ়তায় গোল পাওয়া হয়নি বাংলাদেশের।

অন্যদিকে ৩২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পাকিস্তানও। আবদুল্লাহর নেওয়া শট বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে।

প্রথমার্ধে ৫৯ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের, পাকিস্তানের দখলে ছিল ৪১ শতাংশ। মাঝমাঠে হামজা চৌধুরী ছিলেন বেশ সক্রিয়। আক্রমণ তৈরির পাশাপাশি রক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বিরতির পর ম্যাচে নিজেদের গুছিয়ে নেয় পাকিস্তান। ধীরে ধীরে বাংলাদেশের রক্ষণে চাপ বাড়াতে থাকে তারা। ৭৫ মিনিটে আদিল বানির শক্তিশালী ফ্রি-কিক দারুণ দক্ষতায় ডাইভ দিয়ে ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

৮১ মিনিটে বদলি খেলোয়াড় নাজিব উল্লাহর শটও অসাধারণ দক্ষতায় রুখে দেন শ্রাবণ। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের আক্রমণ ঠেকাতে পারেনি বাংলাদেশ।

ম্যাচের ৮৬ মিনিটে কাছ থেকে পাওয়া পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে জালে বল পাঠান আবদুল সামাদ শাহজাদ। তার এই গোলেই এগিয়ে যায় পাকিস্তান এবং নিশ্চিত হয় ফাইনালের টিকিট।

শেষ কয়েক মিনিটে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় বাংলাদেশ। কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছিল। ইনজুরিতে থাকা সাদ উদ্দিনের পরিবর্তে রহমত মিয়া এবং মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় শুকি ইতোফুসাকে খেলানো হয়। গোলরক্ষক হিসেবে ছিলেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে জায়ান আহমেদ, তারিক রায়হান কাজী ও জিদান ইউসুফ দায়িত্ব পালন করেন।

মাঝমাঠে হামজা চৌধুরী, শমিত সোম ও শাহ কোয়াজেম কিরমানে এবং আক্রমণভাগে রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতাফুসাকে নিয়ে দল সাজান কোচ থমাস ডুলি। একাদশে ছিলেন আটজন প্রবাসী ফুটবলার। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা জামাল ভূঁইয়া এ ম্যাচে একাদশে জায়গা পাননি।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, হামজা চৌধুরী (অধিনায়ক), জিদান ইউসুফ, রহমত মিয়া, শুকি ইতাফুসা, রাকিব হোসেন, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, ফারহান আলী ওয়াহিদ, শাহ কোয়াজেম কিরমানে ও শমিত সোম।

পাকিস্তানের বিপক্ষে এই হারে সাফের ফাইনালে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো বাংলাদেশের। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠে শিরোপার লড়াইয়ে নতুন ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে পাকিস্তান।

spot_imgspot_img
spot_img

Related Articles