‘পাপা, আমার জন্য সেঞ্চুরি চাই’

মেয়ের আবদার পূরণ করতে ব্যাট হাতে বিশেষ কিছু করার স্বপ্ন দেখেছিলেন লিটন কুমার দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি করে সেই স্বপ্নই পূরণ করলেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার। ক্যারিয়ারের অষ্টম টেস্ট শতকটি তিন বছর পূর্ণ করা মেয়ে আনায়রাকে উৎসর্গ করেছেন তিনি।

ঘটনার শুরু ম্যাচের দ্বিতীয় দিনের সকালে। জাতীয় দলের মিডিয়া ম্যানেজার আবু নোমান অমিতকে নিজের কক্ষে ডেকে পাঠান লিটন। মেয়ের জন্মদিন উপলক্ষে বিশেষ একটি বার্তা কাগজে লিখে দিতে বলেন তাকে। তবে সেটি তখনই প্রকাশ করতে চাননি। লিটনের নির্দেশ ছিল, ব্যাট হাতে মাঠে নামার সময় কাগজটি দিতে হবে।

সেঞ্চুরি পূর্ণ করার পর পকেট থেকে সেই কাগজ বের করে দর্শকদের সামনে তুলে ধরেন লিটন। তার এই আবেগঘন উদযাপন মুহূর্তেই নজর কাড়ে মাঠের দর্শক থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রিকেটপ্রেমীদের।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে উদযাপনের পেছনের গল্প শোনান লিটন। জানান, মেয়ের কাছ থেকে প্রায়ই সেঞ্চুরির আবদার শুনতে হয় তাকে।

লিটন বলেন, “আজকে ওর তিন বছর হলো। যখনই আমি নিজের রুমে থাকি, ও সবসময় বলে, ‘পাপা, আমার জন্য সেঞ্চুরি চাই।’ এই সেঞ্চুরি ওর জন্য। অবশ্যই ওকে অনেক মিস করি। ওর জন্মদিনটা বিশেষ।”

আগের রাত থেকেই এমন উদযাপনের পরিকল্পনা করেছিলেন তিনি। তবে সেঞ্চুরি না হলে কী হতো? হাসিমুখে লিটনের উত্তর, “না হলে এখনও আমার পকেটেই থাকত!”

তিনি আরও জানান, মেয়েকে সামনে না পাওয়ায় বিশেষ দিনটিতে নিজের সাধ্যমতো কিছু করার ইচ্ছা থেকেই সেঞ্চুরিটি উৎসর্গ করেছেন।

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট শতক, আর সেটিও মেয়ের জন্মদিনে—লিটনের জন্য দিনটি হয়ে থাকল ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় এক অধ্যায়।

spot_imgspot_img
spot_img

Related Articles