রংপুরকে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন খুলনা

গত আসরের চ্যাম্পিয়ন রংপুরকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা জিতেছে খুলনা। দীর্ঘ সাত বছর পর আবারও লিগের চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল দলটি। এর আগে ২০১৯ সালে সর্বশেষ শিরোপা জিতেছিল খুলনা।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ রাউন্ডের চতুর্থ ও শেষ দিনে ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় খুলনা। দুই ওপেনার এনামুল হক ও আজিজুল হাকিম তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন এনামুল ও আজিজুল। মাত্র ৬৮ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন এনামুল। অন্যদিকে ১২৩ বলে ৭৮ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আজিজুল।

শেষ রাউন্ড শুরুর আগে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন খুলনা। শিরোপা নিশ্চিত করতে রংপুরের বিপক্ষে ম্যাচটি ড্র করলেই চলত তাদের। তবে হার এড়িয়ে নয়, দাপুটে জয় দিয়েই মৌসুম শেষ করল দলটি।

এর আগে সোমবার বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে সাময়িকভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল সিলেট। শেষ রাউন্ডে পূর্ণ ১০ পয়েন্ট পাওয়ায় তাদের মোট সংগ্রহ দাঁড়ায় ৩২। তবে রংপুরকে হারিয়ে আবারও শীর্ষস্থান দখল করে নেয় খুলনা এবং নিশ্চিত করে শিরোপা।

ম্যাচের প্রথম ইনিংসে অবশ্য খুব একটা স্বস্তিতে ছিল না খুলনা। রংপুরের ৩৩৮ রানের জবাবে ৩২২ রানে অলআউট হয়ে ১৬ রানের লিড ছেড়ে দেয় তারা।

তবে দ্বিতীয় ইনিংসে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় খুলনা। সফর আলীর পাঁচ উইকেট এবং মেহেদী হাসান রানার চার উইকেটের সুবাদে মাত্র ১৮৪ রানেই গুটিয়ে যায় রংপুরের দ্বিতীয় ইনিংস। এতে জয়ের জন্য খুলনার সামনে লক্ষ্য দাঁড়ায় ২০১ রান।

spot_imgspot_img
spot_img

Related Articles