ব্রাজিল ফুটবলে মাঠের বাইরের আলোচনায় নতুন করে উঠে এসেছে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ও ভার্জিনিয়া ফনসেকার নাম। ভিনিসিয়ুসের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর সাবেক প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন নেইমার ও ভার্জিনিয়ার প্রতিনিধিরা।
ব্রাজিলিয়ান সাংবাদিক ফাবিয়া অলিভেইরা দেশটির সংবাদমাধ্যম ‘মেট্রোপলিস’-এ এক কলামে দাবি করেন, গত ৬ নভেম্বর সাও পাওলোতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে নেইমার ও ভার্জিনিয়াকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। সাও পাওলো ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রির আগে আয়োজিত ওই পার্টিতে অতিথিদের মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। অলিভেইরার সূত্রের দাবি, সেখানে দুজনের ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো ছিল। এমনকি নেইমারকে মজা করে ভার্জিনিয়াকে ‘ভিভিবোরা’ বলেও ডাকতে শোনা যায়।
তবে এই খবরের সঙ্গে নেইমারের ব্যক্তিগত জীবনের বিষয়টিও আলোচনায় এসেছে। ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে সম্পর্কে রয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। তাঁদের ঘরে দুই কন্যাসন্তান রয়েছে এবং তৃতীয় সন্তান আসার অপেক্ষায় আছেন তাঁরা। অন্যদিকে, ভার্জিনিয়া ও ব্রুনার মধ্যকার সম্পর্কও আগে থেকেই নানা বিতর্কে আলোচিত। একবার রাত দুইটার দিকে নেইমারকে ফোন করার বিষয়টি স্বীকার করার পর ভার্জিনিয়ার সঙ্গে ব্রুনার মতবিরোধ তৈরি হয়েছিল।
এদিকে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করেন নেইমার। তিনি লেখেন, ‘আমি সাধারণত এসব বিষয়ে কিছু লিখি না, কিন্তু এবার তাঁরা সীমা ছাড়িয়ে গেছে। এখন আমাকে শান্তিতে পোকার খেলতে দিন।’
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোয়া’র খবর অনুযায়ী, নেইমার ও ভার্জিনিয়ার প্রতিনিধিরাও তাঁদের মধ্যে কোনো সম্পর্কের কথা অস্বীকার করেছেন। নেইমারের পক্ষ থেকে প্রকাশিত তথ্যকে মিথ্যা বলা হয়েছে। ভার্জিনিয়ার প্রতিনিধিরাও খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেছেন।
পরে নিজেও ইনস্টাগ্রামে বিষয়টি নিয়ে মুখ খোলেন নেইমার। অন্য একজনের সঙ্গে সম্পর্কের গল্প ছড়ানোর সরাসরি প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গুঞ্জনের অবসান ঘটাতেই ব্যক্তিগতভাবে বিষয়টি পরিষ্কার করতে হয়েছে তাঁকে।
অন্যদিকে, ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া গত জুলাইয়ে আবার সম্পর্কে ফিরলেও সম্প্রতি পারস্পরিক সমঝোতায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।


