শেষ মুহূর্তে আফগানিস্তানকে হারিয়ে জিম্বাবুয়ের সিরিজ জয়

শেষে মুহূর্তের নাটকীয়তা আফগানিস্তানকে হারিয়ে দুই টেস্টের সিরিজ ১-০ তে জিতে নিলো জিম্বাবুয়ে। অথচ অভিষেক টেস্টেই ব্যাট হাতে সেঞ্চুরি, বল হাতে ৭ উইকেট, অবিশ্বাস্য এক কীর্তি গড়েও দলকে হার থেকে বাঁচাতে পারলেন না আফগানিস্তানের নাসির খান মারুফখিল। শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শেষ দিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে মাত্র চার ওভার বাকি থাকতে ৫৭ রানের জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। এর মধ্য দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা।

ম্যাচের শেষ দিনে ১৪৩ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাট করতে নামে আফগানিস্তান। জয়ের জন্য তাদের সামনে ছিল ৪১৮ রানের কঠিন লক্ষ্য। তবে জয়ের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসায় ড্র নিশ্চিত করাই হয়ে ওঠে আফগান ব্যাটারদের প্রধান লক্ষ্য। একদিকে আফসার জাজাই, অন্যদিকে নাসির খান, দুজনের দৃঢ়তায় শেষ পর্যন্ত জিম্বাবুয়ের জয় আটকে যাচ্ছিল।

অভিষেকেই স্মরণীয় সেঞ্চুরি উদ্‌যাপনে নাসির খান মারুফখিল • আফগানিস্তান ক্রিকেট বোর্ড

জাজাই ২০২ বলে ৮৭ রান করেন। আর আট নম্বরে ব্যাট করতে নেমে নাসির খেলেন ২৪২ বলে অপরাজিত ১০১ রানের অসাধারণ ইনিংস। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও লড়াই চালিয়ে যান তিনি। একপর্যায়ে শর্ট বলের আঘাতে কাঁধ, পাঁজর ও হাতে চোট পেলেও উইকেটে অবিচল ছিলেন এই তরুণ অলরাউন্ডার।

দু’জন মিলে ২৮৫ বলে ১১৪ রানের জুটি গড়ে আফগানিস্তানকে ড্রয়ের স্বপ্ন দেখান। তবে শেষ পর্যন্ত জাজাইকে ৮৭ রানে ফিরিয়ে দেন ব্লেসিং মুজারাবানি। এরপর লেজের ব্যাটারদের নিয়ে লড়াই চালিয়ে যান নাসির। ৯, ১০ ও ১১ নম্বরে ব্যাট করতে নামা তিন ক্রিকেটার সম্মিলিতভাবে ১৫ ওভার প্রতিরোধ গড়লেও শেষ রক্ষা হয়নি।

শেষ দিকে মোহাম্মদ সেলিমকে ফিরিয়ে আফগানিস্তানের প্রতিরোধ আরও দুর্বল করেন ব্র্যাড ইভান্স। তবে নাসির নিজের অভিষেক টেস্টের সেঞ্চুরি পূর্ণ করেন পরের ওভারেই। শেষ ব্যাটার জিয়াউর রহমানকে নিয়ে আরও চার ওভার পার করেন তিনি।

কিন্তু আলো স্বল্পতার কারণে পেসারদের বোলিং বিপজ্জনক বিবেচিত হওয়ায় স্পিনার গ্রায়েম ক্রেমারকে আক্রমণে আনেন জিম্বাবুয়ে। ১৩১তম ওভারে ক্রেমারের লেগ স্পিনে ব্যাটের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে। ক্যাচটি তালুবন্দি হতেই শেষ হয় আফগানিস্তানের ইনিংস। ৫৭ রানের জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। অন্য প্রান্তে অপরাজিত ১০১ রানে দাঁড়িয়ে থাকা নাসিরের অভিষেক টেস্ট শেষ হয় হতাশায়।

এই ম্যাচে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন নাসির খান মারুফখিল। পুরুষদের টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি ও সাত উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার এখন তিনি। প্রথম ইনিংসে ১৫১ রানে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে অপরাজিত সেঞ্চুরি করেন এই অলরাউন্ডার।

জিম্বাবুয়ের হয়ে প্রথম ইনিংসে ব্রেন্ডন টেলর করেন ১১৯ রান। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক ব্রায়ান বেনেটের দল ৯ উইকেটে ২৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। ৫৯ রান করেন ব্লেসিং মুজারাবানি এবং অপরাজিত ৫০ রান করেন গ্রায়েম ক্রেমার। আফগানিস্তানের হয়ে প্রথম ইনিংসে নাসিরের ৭ উইকেটের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নেন মোহাম্মদ সেলিম।

এই জয়ের মাধ্যমে ২০০৪ সালের পর প্রথমবারের মতো দুই বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। একই সঙ্গে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জয় পেলেন ব্রায়ান বেনেট। অন্যদিকে প্রধান কোচ হিসেবে জাস্টিন স্যামন্সেরও এটি ছিল শেষ টেস্ট জয়।

দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ইতিহাস গড়েছেন নাসির। অভিষেকেই ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়েও শেষ পর্যন্ত জয় থেকে বঞ্চিত হতে হলো তাকে। শারজার আলো-আঁধারিতে জিম্বাবুয়ের শেষ মুহূর্তের জয় তাই একদিকে যেমন স্মরণীয়, অন্যদিকে নাসির ও আফগানিস্তানের জন্য হয়ে থাকল এক হৃদয়ভাঙা পরাজয়।

সংক্ষিপ্ত স্কোর:

  • জিম্বাবুয়ে: ৩৩৯ ও ২৯৫/৯ (ইনিংস ঘোষণা)
  • আফগানিস্তান: ২১৭ ও ৩৬০
  • ফলাফল: জিম্বাবুয়ে ৫৭ রানে জয়ী
  • সিরিজ: জিম্বাবুয়ে ১-০ ব্যবধানে জয়ী
  • ম্যাচসেরা পারফরম্যান্স: নাসির খান মারুফখিল—৭ উইকেট ও অপরাজিত ১০১ রান (অভিষেক টেস্ট)
spot_imgspot_img
spot_img

Related Articles