শ্রীলঙ্কাকে ৯৮ রানেই অলআউট করল পাকিস্তান

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বোলারদের তোপে মাত্র ৯৮ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টেস্টে এই প্রথম রাওয়ালপিন্ডির মাঠে একশর নিচে অলআউট হলো কোনো দল। এর আগে ২০২৪ সালে ইংল্যান্ডকে ১১২ রানে গুটিয়ে দিয়েছিল পাকিস্তান।

তবে পাকিস্তানের বিপক্ষে এর চেয়েও কম রানে অলআউট হওয়ার নজির রয়েছে শ্রীলঙ্কার। ১৯৯৪ সালে ক্যান্ডিতে ৭১ এবং ২০০৬ সালে একই মাঠে ৭৩ রানে গুটিয়ে যায় দলটি। ২০১৭ সালে দুবাইয়ে তাদের ইনিংস শেষ হয়েছিল ৯৬ রানে।

টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৪২ রান। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে এই লজ্জার রেকর্ড গড়েছিল তারা।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আব্বাস। মাত্র ১৪ রান খরচায় তিনটি উইকেট নেন তিনি। রাজাউল্লাহ ২১ রানে এবং আমের জামাল ২৪ রানে শিকার করেন তিনটি করে উইকেট। সাকিবের ঝুলিতে যায় একটি উইকেট।

শ্রীলঙ্কার হয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল দুজন। অধিনায়ক কুসাল মেন্ডিস পাঁচটি চারে করেন ৩২ রান। সোনাল দিনুশার ব্যাট থেকে আসে ২১ রান, যাতে ছিল চারটি চার।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়নি শ্রীলঙ্কা; তাদের ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুতেই পাসিন্দু সুরিয়াবান্দারাকে কট বিহাইন্ড করে পাকিস্তানকে সাফল্য এনে দেন সাকিব। এরপর অভিজ্ঞ দিনেশ চান্দিমালকে ফিরিয়ে দেন আব্বাস।

পরপর দুই ওভারে কামিন্দু মেন্ডিস ও লাহিরু উদারার উইকেট হারিয়ে আরও বিপাকে পড়ে শ্রীলঙ্কা। আব্বাসের বলে শর্ট কাভারে দুর্দান্ত ক্যাচ নিয়ে কামিন্দুকে ফেরান তাইয়াব আরিফ। অন্যদিকে, রাজাউল্লাহর দুর্দান্ত ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন উদারা। কিছুক্ষণ পর ধানাঞ্জায়া ডি সিলভাকেও সাজঘরে পাঠান রাজাউল্লাহ।

একপর্যায়ে ৩৬ রানেই পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মেন্ডিস ও দিনুশা। দুজন মিলে গড়েন ৪৯ রানের জুটি। তবে আমের জামালের বলে সহজ ক্যাচ দিয়ে মেন্ডিস ফিরলে ভাঙে সেই প্রতিরোধ।

এরপরের ওভারেই মিলান রাত্নায়েকের স্টাম্প উপড়ে ফেলেন রাজাউল্লাহ। দ্রুত উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কার ইনিংস আর বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৬.৩ ওভারে ১৩ রান যোগ করতেই শেষ চার উইকেট হারায় সফরকারীরা।

spot_imgspot_img
spot_img

Related Articles