অলআউটের প্রত্যাশা তাসকিনের! জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন বৃষ্টির দাপটে অনেকটাই ম্লান হয়েছে খেলা। নির্ধারিত তিন সেশনের মধ্যে দুই সেশনই ভেসে গেছে বৃষ্টিতে। এতে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ কিছুটা হাতছাড়া হয়েছে বাংলাদেশের। তবে প্রথম ইনিংসে ৪০০ রান করার পর এখনও ১৪ রানের লিড ধরে রেখেছে টাইগাররা।
বাংলাদেশের প্রথম ইনিংসের জবাবে ৭ উইকেট হারিয়ে ৩৮৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ফিফটি করে অপরাজিত রয়েছেন রায়ান রিকেলটন। তবে তৃতীয় দিন লাঞ্চের আগে দ্বিতীয় নতুন বল হাতে পেয়েই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে দ্রুত তিন উইকেট হারায় স্বাগতিকরা। ফলে লিডের কাছাকাছি পৌঁছেও কিছুটা চাপে রয়েছে প্রোটিয়ারা।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন তাসকিন আহমেদ। দুই উইকেট নিয়ে দলকে ম্যাচে ফেরানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই পেসারের লক্ষ্য, দক্ষিণ আফ্রিকাকে বড় লিড নিতে না দেওয়া। দ্রুত প্রতিপক্ষকে অলআউট করতে পারলে ম্যাচে বাংলাদেশের ভালো সুযোগ থাকবে বলে মনে করেন তিনি।
তাসকিন বলেন, ‘আজ বৃষ্টিতে প্রায় অর্ধেক দিন চলে গেছে। কাল চতুর্থ দিন। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। সেট হয়ে গেলে ব্যাটাররা রান করতে পারছে। যদি তারা বড় লিড নিতে না পারে এবং দ্রুত অলআউট করতে পারি, তাহলে আমরাও ম্যাচে থাকব। শেষ দুই দিনে ভালো ব্যাটিং করতে হবে।’
বৃষ্টির কারণে দলের পরিকল্পনায় বাধা তৈরি হলেও সেটিকে নিয়ন্ত্রণের বাইরে বলে উল্লেখ করেন তাসকিন। তাঁর মতে, পাওয়া মোমেন্টাম কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকাকে দ্রুত অলআউট করার ভালো সুযোগ ছিল বাংলাদেশের। তিনি বলেন, ‘আসলে বৃষ্টি তো কারও নিয়ন্ত্রণে নেই। আমরা যে মোমেন্টাম পেয়েছিলাম, সেখান থেকে তাদের দ্রুত অলআউট করার একটা সুযোগ ছিল। লাঞ্চ থেকে চা বিরতি পর্যন্ত ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো সময় ছিল। এখনও আল্লাহর রহমতে আমরা খেলায় আছি। মনে হয় ভালো জায়গাতেই আছি। কালকের আবহাওয়া তো আমাদের হাতে নেই। তবে দ্রুত তাদের আউট করতে পারলে এবং আমাদের ব্যাটাররা ভালো শুরু এনে দিতে পারলে টেস্টে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে।’
উইকেটের আচরণ নিয়েও কথা বলেছেন এই পেসার। তাঁর মতে, শুরুর এক-দুই ঘণ্টা বাদে দিনের বেশির ভাগ সময়ই ব্যাটিংয়ের জন্য অনুকূল ছিল উইকেট। চতুর্থ দিনে উইকেট কেমন আচরণ করবে, তা মাঠে নামার পরই বোঝা যাবে।
ফ্ল্যাট উইকেটে দীর্ঘ সময় বোলিং করাকে চ্যালেঞ্জিং বলেও মনে করেন তাসকিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চাপ তো আসলে দুনিয়ার সব জায়গাতেই থাকে। এমন ফ্ল্যাট উইকেটে যদি লম্বা জুটি হয়, তখন ধৈর্য ধরে বল করা ছাড়া তেমন কিছু করার থাকে না। এ জন্য উইকেট পাওয়াটা জরুরি ছিল। শুধু উইকেট নয়, যেকোনো কিছুতেই আল্লাহর কাছে সব সময় কৃতজ্ঞতা জানাই। তখন ব্রেকথ্রুটা খুব জরুরি ছিল, তাই উইকেট পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছিলাম।’
মাঝের দিকে নতুন বল নিতে দেরি হওয়ার বিষয়ে তাসকিনের ধারণা, স্পিনারদের দিয়ে আরও কয়েক ওভার করানোর পরিকল্পনা ছিল দলের। তবে দ্বিতীয় নতুন বল হাতে পেয়েই কার্যকর হয়ে ওঠে বাংলাদেশের বোলিং আক্রমণ। লাঞ্চের আগে মাত্র কয়েক ওভারের ব্যবধানে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি করে সফরকারীরা।
নতুন বল পাওয়ার পর দলের পরিকল্পনা সম্পর্কে তাসকিন বলেন, ‘পুরোনো বল ব্যাটে আসছিল অনেক সহজে। ফলে নতুন বল হাতে পাওয়ার পর মনে হয়েছে, যেভাবেই হোক একটা ব্রেকথ্রু দরকার। একটা উইকেট যাওয়ার পর আরও দুই উইকেট গেল। ক্রিকেট আসলে এমনই। জুটি ভাঙলে যেকোনো মুহূর্তে ব্যাটিং ধস নামতে পারে। এটাই আমরা চেয়েছিলাম এবং তখন সেটা করতে পেরেছি।’
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি চলছে জোহানেসবার্গে। চতুর্থ দিনে দ্রুত দক্ষিণ আফ্রিকার বাকি উইকেটগুলো তুলে নিয়ে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৩ নভেম্বর।




