স্যান্ডপেপার-কাণ্ডে নতুন বিস্ফোরক দাবি ক্যামেরন ব্যানক্রফটের। তাঁর দাবি, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বল বিকৃতির বিষয়ে অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। এমনকি বলের রিভার্স সুইং বাড়াতে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে দলের পেসারদের সঙ্গেও নিয়মিত আলোচনা করতেন তিনি। আগের বক্তব্যে আমি পুরোপুরি সত্য বলিনি।
২০১৮ সালের সেই বহুল আলোচিত ‘স্যান্ডপেপার-কাণ্ডে’ নিজের সম্পৃক্ততার বিস্তারিত তুলে ধরেছেন ক্যামেরন ব্যানক্রফট। দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকায় প্রথম প্রকাশিত প্রায় ৪ হাজার শব্দের এক নিবন্ধে তিনি দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির বিষয়টি শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও তিনি জানতেন না, পুরো অস্ট্রেলিয়া দলই বিষয়টি সম্পর্কে অবগত ছিল।

গত সপ্তাহে প্যাট কামিন্সের সংবাদ সম্মেলনের পর নিজের এই বক্তব্য প্রকাশ করেছেন ব্যানক্রফট। কামিন্সের বক্তব্যে তিনি ‘ক্ষুব্ধ, বিশ্বাসঘাতকতার শিকার ও একাকী’ বোধ করেছেন বলে জানিয়েছেন। উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর ৮ বছর আগের সেই বিতর্ক নতুন করে সামনে আসে। এবার ব্যানক্রফটের বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ব্যানক্রফট স্বীকার করেছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রাথমিক তদন্তের সময় তিনি পুরোপুরি সত্য বলেননি।
তিনি লিখেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের সময় আমি সম্পূর্ণ ও সত্য বিবরণ দিইনি। গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করেছিলাম। এর মধ্যে ছিল স্যান্ডপেপার ব্যবহারের শুরুর সময়, কত দিন ধরে এটি চলেছিল এবং অন্যদের সম্পৃক্ততা ও বিষয়টি সম্পর্কে তাদের জানাশোনার তথ্য।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তকে সুরক্ষা দিতে এবং আমার আশপাশের অন্যদের জড়িয়ে না ফেলতেই এসব তথ্য গোপন করেছিলাম।’ ব্যানক্রফটের এই নিবন্ধ প্রকাশের কয়েক ঘণ্টা আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা দেয়, ২০১৮ সালের সেই ঘটনার বিষয়ে যাঁদের কাছে তথ্য রয়েছে, তাঁরা চাইলে নিজেদের বক্তব্য জানাতে পারবেন। তবে নতুন করে তদন্ত শুরু হবে না এবং নতুন কোনো শাস্তিও দেওয়া হবে না।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘ক্যামেরন ব্যানক্রফট নিজের গল্প তুলে ধরেছেন, আমরা তাঁর বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। ২০১৮ সালের ঘটনা নিয়ে বিভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও বক্তব্য থাকতে পারে। এ কারণেই সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের বক্তব্য জানানোর সুযোগ দিতে আমরা একটি ফোরাম গঠনের সিদ্ধান্ত নিয়েছি।’
ড্রেসিংরুমে স্যান্ডপেপার ব্যবহারের আলোচনা:
ব্যানক্রফটের বর্ণনা অনুযায়ী, পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতির সময় ড্রেসিংরুমে বলের রিভার্স সুইং বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছিল। তিনি লিখেছেন, ‘ড্রেসিংরুমে কোচ ও খেলোয়াড়রা সবাই এসব আলোচনায় অংশ নিয়েছিলেন। ম্যাচে নিজেদের অবস্থান উন্নত করাই ছিল আমাদের লক্ষ্য।’
ব্যানক্রফটের দাবি, তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কাজটি করতে পারবেন কি না। বিষয়টি তাঁকে অস্বস্তিতে ফেলেছিল। তিনি জানতেন, কাজটি ভুল এবং এটি ক্রিকেটীয় নিয়মের সীমা অতিক্রম করে প্রতারণার পর্যায়ে পড়ে। তিনি আরও দাবি করেন, বোলিং কোচ ডেভিড সাকার ওই আলোচনায় যুক্ত ছিলেন। কোচ ড্যারেন লেম্যানও সেখানে উপস্থিত ছিলেন। অন্য খেলোয়াড়রাও আসা-যাওয়া করছিলেন।
ব্যানক্রফটের ভাষ্য, বল চকচকে করার স্বাভাবিক পদ্ধতি কিংবা লালা ব্যবহার করে কাঙ্ক্ষিত রিভার্স সুইং পাওয়া যাচ্ছিল না। তখনই ডেভিড ওয়ার্নার বলের এক পাশ খসখসে করতে স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দেন। তবে তিনি উল্লেখ করেছেন, আলোচনার সময় ড্রেসিংরুমে সবাই উপস্থিত ছিলেন না। কিন্তু বিষয়টি শুধু ওয়ার্নার ও তাঁর মধ্যে সীমাবদ্ধ ছিল না।
পেসারদের সঙ্গে নিয়মিত আলোচনা করতেন ব্যানক্রফট:
পোর্ট এলিজাবেথ টেস্টে দক্ষিণ আফ্রিকার ২৮ রানে ৪ উইকেট হারানোর ঘটনাটিও নিজের নিবন্ধে তুলে ধরেছেন ব্যানক্রফট। তাঁর দাবি, দ্বিতীয় দিনের শেষ সেশনে মাঠে যাওয়ার সময় তাঁর কাছে স্যান্ডপেপার ছিল। বল হাতে পাওয়ার পর সেটি ব্যবহার করেন তিনি।
ব্যানক্রফট লিখেছেন, ‘আমি এর আগে কখনো এমন কাজ করিনি। তাই বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের প্রভাব কতটা হচ্ছে, তা নিয়ে নিশ্চিত ছিলাম না।’ তিনি আরও দাবি করেন, বলের আচরণ সম্পর্কে জানতে নিয়মিত প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও মিচেল মার্শের সঙ্গে কথা বলতেন। এ ছাড়া উইকেটের পেছনে থাকা অধিনায়ক টিম পেইনের কাছ থেকেও বলের গতিবিধি সম্পর্কে মতামত নিতেন।
ব্যানক্রফটের ভাষায়, ‘বল যথেষ্ট রিভার্স সুইং করছে কি না, তা জানতে বোলারদের সঙ্গে কথা বলতে হতো। তাঁরা আমাকে প্রতিক্রিয়া জানাতেন। বল কি সুইং করছে? এখনো করছে না, আরও কাজ করতে হবে। এরপর আমি স্যান্ডপেপার দিয়ে বলের ওপর আরও কাজ করতাম।’ তিনি আরও দাবি করেন, একপর্যায়ে তাঁকে কাজটি বন্ধ করতে বলা হয়েছিল। কারণ, বিষয়টি খুব বেশি স্পষ্ট হয়ে যাচ্ছিল।
তৃতীয় দিনের বৈঠকে প্রশংসা পাওয়ার দাবি
ব্যানক্রফটের দাবি, পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনের আগে দলের একটি বৈঠকে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে খেলোয়াড় ও কোচিং স্টাফের কয়েকজন তাঁর ভূমিকার জন্য উৎসাহ দিয়েছিলেন। তিনি লিখেছেন, ‘আগের সন্ধ্যায় স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। দলের সামনে আমার ভূমিকার স্বীকৃতিও দেওয়া হয়েছিল।’ বিশেষ করে ডেভিড সাকারের কাছ থেকে উৎসাহ পাওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। তবে একই বৈঠকে দলের মিডিয়া ম্যানেজার কেট হাচিসন এর বিরোধিতা করেছিলেন বলেও দাবি করেছেন ব্যানক্রফট।
তাঁর ভাষায়, ‘তিনি স্পষ্ট জানিয়েছিলেন, যা হচ্ছে তা ভুল। তিনি এর সঙ্গে কোনোভাবেই যুক্ত হতে চান না। এরপর আলোচনা থেকে সরে যান। আমি কখনোই সেই ঘটনাটি ভুলব না। অন্তত একজন প্রতিবাদ করেছিলেন।’
কেপটাউন টেস্টেও একই আলোচনা চলেছিল
কেপটাউন টেস্টের তৃতীয় দিনে টেলিভিশন ক্যামেরায় স্যান্ডপেপারসহ ধরা পড়েছিলেন ব্যানক্রফট। সেই ঘটনা নিয়েও নিজের বক্তব্য দিয়েছেন তিনি। তাঁর দাবি, মাঠে ফিল্ডিং করার সময় একজন কোচ তাঁকে বলের ওপর আরও বেশি কাজ করতে বলেছিলেন, যাতে বল বেশি সুইং করে। ব্যানক্রফট স্পষ্টভাবে উল্লেখ করেছেন, সেই কোচ ছিলেন ডেভিড সাকার।
তিনি আরও দাবি করেন, পোর্ট এলিজাবেথের মতো কেপটাউনেও স্টার্ক, কামিন্স, হ্যাজলউড ও মার্শের সঙ্গে বলের গতিবিধি নিয়ে আলোচনা হয়েছিল। তাঁদের কাছ থেকে তিনি জানতে চেয়েছিলেন, বলের ওপর তাঁর কাজ যথেষ্ট হচ্ছে কি না।
ব্যানক্রফটের দাবি, বোলাররা তাঁকে জানিয়েছিলেন, তিনি যথেষ্ট কাজ করছেন না।
তিনি লিখেছেন, ‘বল কীভাবে নড়াচড়া করছে, তা নিয়ে বোলারদের সঙ্গে আমার যেসব আলোচনা হয়েছিল, সেগুলো পরবর্তী বছরগুলোতে আমাকে ভীষণভাবে ভাবিয়েছে। পরে যখন প্রকাশ্যে অনেকে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে জানতেন না বলে দাবি করেছেন, তখন নিজের স্মৃতির সঙ্গে তাঁদের বক্তব্য মেলাতে আমার কষ্ট হয়েছে।’
তবে ব্যানক্রফট স্বীকার করেছেন, বল রিভার্স সুইং করছে-এটি জানা, বল বিকৃত করা হয়েছে বলে সন্দেহ করা এবং নির্দিষ্টভাবে স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছে-এই তিনটি বিষয় এক নয়।
শেষ পর্যন্ত ক্যামেরায় স্যান্ডপেপারসহ ধরা পড়ার মুহূর্তের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘স্যান্ডপেপারটি ক্যামেরায় ধরা পড়ল। আর তখনই সবকিছু বদলে গেল।’
৮ বছর পরও বিতর্ক থামেনি। ব্যানক্রফটের নতুন দাবি অস্ট্রেলিয়া ক্রিকেটের সেই কলঙ্কিত অধ্যায়কে আবারও আলোচনায় নিয়ে এসেছে। তবে তাঁর বক্তব্যে যাঁদের নাম এসেছে, তাঁদের প্রত্যেকের সম্পৃক্ততা বা জানাশোনার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।




