ইউরোপীয় মঞ্চে আর্সেনালের অপরাজিত যাত্রা থামিয়ে দিয়েছে লিও। বৃহস্পতিবার ইংল্যান্ডের বোরহামউডে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি। অন্যদিকে এই হারে সরাসরি শেষ আটে ওঠার পথ কঠিন হয়ে পড়েছে আর্সেনালের।
১৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার সঙ্গে যৌথভাবে তালিকার শীর্ষে রয়েছে লিও। লিগ পর্বে নিজেদের অবস্থান শক্ত করার পাশাপাশি শীর্ষ চার নিশ্চিত করে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। ইউরোপে দুর্দান্ত ছন্দে থাকা দলটি চলতি মৌসুমে এখনো কোনো গোল হজম করেনি। ঘরোয়া লিগেও নয় ম্যাচের সবকটিতে জয় পেয়েছে ফরাসিরা।
বোরহামউডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লিও। ২৪ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। ডান দিক দিয়ে আক্রমণে উঠে ভিকি বেচো বল কাটব্যাক করেন জুলে ব্রান্ডের উদ্দেশে। জার্মান ফরোয়ার্ড নিখুঁত শটে আর্সেনাল গোলরক্ষক মিসা রদ্রিগেজকে পরাস্ত করে বল জালে পাঠান।
চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন মারি-আন্তোনেত্তে কাটোতো। ছয় গজের মধ্যে বল নিয়ন্ত্রণে নিয়ে তাঁর নেওয়া শট অবশ্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের শেষ দিকে যুক্তরাষ্ট্রের লিলি ইয়োহানেসের দূরপাল্লার শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির পর আর্সেনাল কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে ৫৭ মিনিটে আবারও গোল হজম করে তারা। বাঁ দিক দিয়ে ছুটে এসে তাবিথা চাওয়িঙ্গা বল কাটব্যাক করেন কাটোতোর কাছে। কাটোতো বল ধরে রেখে মেলচি দুমর্নেকে পাস দেন। দুমর্নে দুর্দান্ত শটে বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন।
এই হারে আট নম্বরে নেমে গেছে আর্সেনাল। শীর্ষ চারে উঠতে শেষ ম্যাচে ইন্টার মিলানকে হারানোর পাশাপাশি চেলসি অথবা বায়ার্ন মিউনিখের হারের অপেক্ষা করতে হবে তাদের। গোল ব্যবধানেও এগোতে হবে। পঞ্চম থেকে দ্বাদশ স্থানে থাকা দলগুলোকে খেলতে হবে প্লে-অফ।


