অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স শুক্রবার টড গ্রিনবার্গ ও ডেভিড বুনের সঙ্গে বৈঠক করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনা নতুন করে পর্যালোচনার জন্য গঠিত স্বাধীন ফোরামে তিনি অংশ নেবেন। তাঁর ভাষায়, সেখানে ‘অনেক কঠিন আলোচনা’ হবে। অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে ‘সর্বসম্মত সমর্থন’ এবং তাঁর পাশে থাকবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বোর্ড। বৃহস্পতিবার ক্যামেরন ব্যানক্রফটের প্রায় ৪০০০ শব্দের বিস্ফোরক প্রতিবেদন প্রকাশের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন কামিন্স।
শুক্রবার সিডনিতে কামিন্সের সঙ্গে বৈঠক করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এবং অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন। একই দিনে বোর্ডও আবার বৈঠকে বসে। ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনাকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যে অস্ট্রেলীয় ক্রিকেটের ‘সততা ও ভাবমূর্তি’ এবং সংশ্লিষ্ট সবার ‘কল্যাণ’ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

ব্যানক্রফটের সাম্প্রতিক বক্তব্যের পর থেকেই কামিন্সের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে গত সপ্তাহে দীর্ঘ সংবাদ সম্মেলনে কামিন্সের দেওয়া বক্তব্যের সঙ্গে ব্যানক্রফটের নতুন দাবির অসামঞ্জস্য নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে:
“২০১৮ সালে অস্ট্রেলিয়া পুরুষ দলের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে চলমান জল্পনা-কল্পনার পরিপ্রেক্ষিতে বোর্ড বৈঠকে বসে। অস্ট্রেলীয় ক্রিকেটের সততা এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি পর্যালোচনা করা হয়। “এই বৈঠকের অংশ হিসেবে বোর্ড প্যাট কামিন্সের অধিনায়কত্বের প্রতি সর্বসম্মত সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে।” ২০১৮ সালের ঘটনা নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্য সামনে এলেও কামিন্সের সততা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলে দৃঢ়ভাবে জানিয়েছেন ডেভিড বুন।
তিনি বলেন, “এই কঠিন সময়ের মধ্য দিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটকে দায়িত্বশীলতা ও ধৈর্যের সঙ্গে এগিয়ে নেওয়ার ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা সবার কথা শুনতে চাই এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চাই।
“এই সপ্তাহে ঘোষিত স্বাধীন ফোরাম গঠনের উদ্দেশ্যও সেটিই। ২০১৮ সালের সফরের সঙ্গে সংশ্লিষ্ট সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফকে সেখানে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে এবং আলোচনা করতে বোর্ড উৎসাহিত করছে। ফোরামের কার্যপরিধি ও শর্তাবলি যথাসময়ে প্রকাশ করা হবে।
“আমরা প্যাটের প্রতি আমাদের সমর্থন জানিয়েছি এবং ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি উদ্বেগ প্রকাশ করেছি। ওই অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়েছি। গত আট বছরে প্যাট এবং দলের অন্য নেতারা যে সংস্কৃতি গড়ে তুলেছেন, তা নিয়ে আমরা গর্বিত। প্যাটের সততা প্রশ্নবিদ্ধ হয়েছে-এমন যেকোনো ইঙ্গিত আমরা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি।”

কামিন্স জানিয়েছেন, আপাতত তাঁর মূল মনোযোগ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রস্তুতি। আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। গত সপ্তাহে অস্ট্রেলিয়া দলের স্কোয়াড ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া পরবর্তী শেফিল্ড শিল্ডের ম্যাচগুলোর পর দল ঘোষণা করা হতে পারে।
কামিন্স বলেন, “শুক্রবার ডেভিড ও টডের সঙ্গে কথা বলতে পেরে আমার খুব ভালো লেগেছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়া অনেক বড় দায়িত্ব। আমি কখনোই এই দায়িত্বকে হালকাভাবে নিইনি, ভবিষ্যতেও নেব না। “এই পরিস্থিতিতে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কাজটি ডেভিড ও টডের জন্য খুব কঠিন। ২০১৮ সালের সফরের সঙ্গে সংশ্লিষ্ট আমার এবং অন্য খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমি তাঁদের প্রশংসা করি।
“আমি এই ফোরামকে শতভাগ সমর্থন করি। আমি সেখানে উপস্থিত থাকব। যেসব খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, তাঁরা সবাই সেখানে গিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে আগ্রহী। অনেক কঠিন আলোচনা হবে, কিন্তু এখন সেটাই প্রয়োজন। “এখন থেকে পার্থে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়াই আমার প্রধান মনোযোগ ও অগ্রাধিকার।”
কামিন্সের প্রতি বোর্ডের এই সমর্থন এমন এক সময়ে এল, যখন সতীর্থ জশ হ্যাজেলউড তাঁকে ‘দারুণ নেতা’ হিসেবে অভিহিত করেছেন। এমনকি কামিন্স অধিনায়কত্ব হারালে নিজের দলে থাকা নিয়েও নতুন করে ভাবতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন হ্যাজেলউড।
এদিকে সংশ্লিষ্ট ব্যক্তিদের মানসিক ও শারীরিক সুস্থতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে কামিন্সের বাড়ির বাইরে টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীদের উপস্থিতি দেখা গেছে। অন্যদিকে, ব্যানক্রফটের প্রতিবেদনে যাঁর নাম একাধিকবার এসেছে, সেই সাবেক কোচ ড্যারেন লেম্যানও এই পরিস্থিতি তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলেছে, তা নিয়ে কথা বলেছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এই শক্ত অবস্থান বিতর্কের উত্তাপ কমাতে পারে কি না, তা এখনই বলা যাচ্ছে না। দুই সপ্তাহ আগে উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর নতুন করে বিতর্ক শুরু হয়েছিল। নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে স্বাধীন ফোরামটি গঠিত হওয়ার সম্ভাবনাও কম।
গত সপ্তাহে ৬৮ মিনিটের দীর্ঘ সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, দলের সবাই বল টেম্পারিংয়ের বিষয়ে জানতেন-এমন দাবি ‘১০০ শতাংশ ভুল’। একই সঙ্গে খাজা যেভাবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন, তারও কঠোর সমালোচনা করেছিলেন তিনি। কামিন্সের ওই সংবাদ সম্মেলনই তাঁকে নিজের অভিজ্ঞতা প্রকাশ করতে উদ্বুদ্ধ করেছে বলে জানিয়েছেন ক্যামেরন ব্যানক্রফট।
ব্যানক্রফট বলেন, “ওই সংবাদ সম্মেলন আমাকে ক্ষুব্ধ, বিশ্বাসঘাতকতার শিকার এবং একাকী বোধ করিয়েছে। আমি যা দেখেছি, অনুভব করেছি এবং যার মধ্য দিয়ে গিয়েছি-শুধু তাঁর (কামিন্স) সঙ্গে নয়, দক্ষিণ আফ্রিকা সফরে থাকা অন্য সবার সঙ্গেও-তা সংবাদ সম্মেলনে তাঁর দেওয়া বক্তব্য কিংবা আগের বছরগুলোতে এ বিষয়ে তাঁর প্রকাশ করা বক্তব্যের সঙ্গে মেলে না।”
ব্যানক্রফট আরও জানিয়েছেন, বল রিভার্স সুইং করানো নিয়ে বোলারদের সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছিল। তবে তিনি সরাসরি কামিন্স কিংবা দলের অন্য বোলারদের স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে জানার কথা বলেননি। যদিও নিজের বক্তব্যে বড় হাতের অক্ষরে লিখেছেন, ‘WE ALL KNEW’ (আমরা সবাই জানতাম) । তবে একই সঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ পার্থক্যের কথাও স্বীকার করেছেন। তাঁর ভাষায়, “একটি বল রিভার্স সুইং করছে-এটা জানা, বলটি পরিবর্তন করা হয়েছে বলে সন্দেহ করা এবং নির্দিষ্টভাবে স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছে বলে জানা-এই তিনটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে।”
ব্যানক্রফট জানিয়েছেন, তিনিও স্বাধীন ফোরামে অংশ নেবেন। নিজের প্রতিবেদন প্রকাশের পরদিন তিনি বলেন, “এই প্রক্রিয়ার অংশ হতে আমি আগ্রহী।”
এর আগে শনিবারের সর্বশেষ বক্তব্যের আগে কামিন্সের এজেন্ট নিল ম্যাক্সওয়েল তাঁর পক্ষে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, কামিন্স নিজের বক্তব্যের বিষয়ে ‘ধারাবাহিক ও দৃঢ় অবস্থানে’ রয়েছেন। পাশাপাশি পুরো পরিস্থিতি নিয়ে ‘অতিরিক্ত উত্তেজনা ও হইচই’ বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন।
বিতর্ক নতুন করে সামনে আসার পর ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার, চ্যাড সেয়ার্স এবং উসমান খাজা-২০১৮ সালের ঘটনা নিয়ে নতুন তথ্য বা বক্তব্য দিয়েছেন। তবে মূল বোলিং আক্রমণের সদস্যদের মধ্যে নাথান লায়নই এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে এ নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান মিচেল মার্শ।
এখন সবার নজর স্বাধীন ফোরামের দিকে। সেখানে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের প্রকৃত ঘটনা নিয়ে নতুন কী তথ্য সামনে আসে, সেটিই নির্ধারণ করতে পারে অস্ট্রেলীয় ক্রিকেটের এই বিতর্কের পরবর্তী গতিপথ।


