আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সহযোগিতায় বাংলাদেশে আন্তর্জাতিক মানের ফুটবল একাডেমি প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই করতে ঢাকায় এসেছে আর্জেন্টিনার তিন সদস্যের একটি প্রতিনিধি দল। একাডেমি প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে সহযোগিতার সুযোগ খুঁজছেন তারা।
শনিবার (২১ নভেম্বর) ঢাকায় পৌঁছানো প্রতিনিধি দলে রয়েছেন এএফএর আন্তর্জাতিক বাণিজ্যিক পরিচালক মারিও মার্টিন তুলা, মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস এবং এএফএ একাডেমি ইন্ডিয়ার কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স। ভারত সফরের পর বাংলাদেশে এসেছেন তারা। এর আগে ভারতে এএফএর নির্দেশনায় একটি আন্তর্জাতিক ফুটবল একাডেমি প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করেছে দলটি।
সফরের অংশ হিসেবে শনিবার দুপুরে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। বাফুফের লোগোযুক্ত একটি মাইক্রোবাসে করে স্টেডিয়ামে পৌঁছে মাঠ ও অবকাঠামো ঘুরে দেখেন তারা। সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ আয়োজন করা এই স্টেডিয়ামটির বিভিন্ন দিক পর্যবেক্ষণের পাশাপাশি ছবি তোলেন।
সফরের উদ্দেশ্য সম্পর্কে প্রতিনিধি দলের আন্তর্জাতিক বাণিজ্যিক পরিচালক মারিও মার্টিন তুলা বলেন, ‘আমাদের এই পরিকল্পনার সূচনা আর্জেন্টিনায়। আমরা এশিয়ার বিভিন্ন দেশ সফর করছি। ইতোমধ্যে ভারতে গিয়েছি, যেখানে আর্জেন্টাইন ফুটবল পদ্ধতির ভিত্তিতে এএফএ আন্তর্জাতিক একাডেমি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’
বাংলাদেশ সফরের পেছনে এ দেশের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি সমর্থনের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তুলা। তার ভাষ্য, ‘আমরা দলগতভাবে বাংলাদেশে আসার পরিকল্পনা করেছি। আমাদের মনে হয়েছে, এটি এমন একটি দেশ, যেখানে জাতীয় দলটির প্রতি বিপুলসংখ্যক মানুষের সমর্থন রয়েছে। প্রায় সাত কোটিরও বেশি সমর্থক আর্জেন্টিনাকে অনুসরণ করেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং ফুটবল ফেডারেশন ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ আয়োজনের সম্ভাবনা তৈরি করতেই আমাদের এই সফর।’
বাংলাদেশে এএফএ আন্তর্জাতিক ফুটবল একাডেমি চালুর প্রস্তাব নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গেও আলোচনা করছে প্রতিনিধি দলটি। তবে প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে কোনো চুক্তি হয়নি কিংবা কার্যক্রম শুরুর নির্দিষ্ট তারিখও ঘোষণা করা হয়নি। স্থানীয় অংশীদার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতার ওপরই এর ভবিষ্যৎ নির্ভর করছে।
তুলার মতে, ‘আমাদের মূল লক্ষ্য বাংলাদেশে একটি এএফএ আন্তর্জাতিক একাডেমি চালু করা। সেই প্রস্তাব নিয়েই আমরা এখানে এসেছি। এ কারণে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছি, যাতে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা যায়।’
তবে একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চায় না প্রতিনিধি দলটি। বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা, অবকাঠামো ও সম্ভাবনা সম্পর্কে আরও বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তারা। এ বিষয়ে নিকোলাস বলেন, ‘এখনো আমাদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, কারণ আমরা মাত্র কাজ শুরু করেছি। এই মুহূর্তে একাডেমি চালু করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বাংলাদেশের ফুটবলের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও আমাদের এখনো পরিষ্কার ধারণা নেই।’
বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হলে প্রতিনিধি দলটি এ বিষয়ে কোনো পরিকল্পনার কথা জানায়নি। আপাতত তাদের মূল মনোযোগ একাডেমি প্রতিষ্ঠার সম্ভাবনা, বিনিয়োগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা গড়ে তোলার দিকে।
বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন দেশটিতেও ব্যাপক পরিচিতি পেয়েছে। বিশেষ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আর্জেন্টিনার পতাকা, জার্সি ও সমর্থকদের উদ্যাপন প্রতিনিধি দলের সদস্যদের মুগ্ধ করেছে। বাংলাদেশের মানুষের এই ভালোবাসা নিয়ে নিকোলাসের মন্তব্য, ‘এটি অত্যন্ত আনন্দদায়ক ও গর্বের অনুভূতি। এত মানুষ আমাদের দেশের রং ও দেশকে ভালোবাসেন, বিষয়টি আমাদের গর্বিত করে।’
জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে অবকাঠামো নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন তুলা। স্টেডিয়ামটি দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার কাছে এটি সম্পূর্ণ আধুনিক একটি স্টেডিয়াম মনে হয়েছে। আমার বিশ্বাস, এখানে অলিম্পিকের মতো আয়োজন কিংবা অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা সম্ভব।’
সিনিয়র পর্যায়ের বিশ্বকাপের ফাইনাল আয়োজনের উপযোগী না হলেও অনূর্ধ্ব-১৭ কিংবা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের জন্য স্টেডিয়ামটির সুযোগ-সুবিধা যথেষ্ট ভালো বলেও মনে করেন তিনি।
ঢাকা সফরে প্রতিনিধি দলের কর্মসূচিতে বাফুফের সঙ্গে বৈঠক, একটি সেমিনার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন রয়েছে। এর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও রয়েছে। বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার প্রতি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও সমর্থকদের ব্যাপক উদ্যাপন আর্জেন্টিনায়ও আলোচনায় এসেছিল।
বাংলাদেশ সফর শেষে ভারত হয়ে দেশে ফিরবে প্রতিনিধি দলটি। বাণিজ্যিক সম্ভাবনার পাশাপাশি হাজার হাজার মাইল দূরে থাকা আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করাও তাদের অন্যতম উদ্দেশ্য। তবে একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় বিনিয়োগ, অবকাঠামো যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমঝোতাই হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ।




