বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের অবদান ও অর্জন নিয়ে নতুন করে প্রশংসায় মেতেছেন আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড। তাঁর বিশ্বাস, খুব শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমে জায়গা করে নেবেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। আর এমন স্বীকৃতি হবে সাকিবের দীর্ঘ ক্যারিয়ারের যথার্থ মূল্যায়ন।
নেপাল প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনার সময় সাকিবের প্রসঙ্গ টেনে লিওনার্ড বলেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দর্শকদের আবেগ ও কল্পনায় সাকিবের মতো প্রভাব আর কোনো ক্রিকেটার ফেলতে পারেননি। তাঁর মতে, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব এবং আইসিসির হল অব ফেমে তাঁর অন্তর্ভুক্তি কেবল সময়ের অপেক্ষা।
নেপাল প্রিমিয়ার লিগের পুরো মৌসুমে সাকিবকে না পাওয়ায় হতাশাও প্রকাশ করেছেন এই ধারাভাষ্যকার। বল হাতে সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রশংসা করে তিনি মনে করেন, পুরো টুর্নামেন্ট খেলতে পারলে বোলিংয়েও উল্লেখযোগ্য সাফল্য পেতেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
তবে বয়স বাড়ার সঙ্গে সাকিবের ব্যাটিংয়ে কিছুটা পরিবর্তন আসা স্বাভাবিক বলে মনে করেন লিওনার্ড। পাশাপাশি নেপাল প্রিমিয়ার লিগে বাংলাদেশের অন্য ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও কিছুটা অসন্তোষ জানিয়েছেন তিনি।
লিওনার্ডের মতে, আরিফুল ইসলাম ও সাইফ হাসান কয়েকটি ম্যাচে ভালো খেললেও সামগ্রিকভাবে বাংলাদেশি ক্রিকেটারদের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স প্রত্যাশা করেছিলেন তিনি। তাঁর চোখে, এই আসরে শ্রীলঙ্কার ক্রিকেটাররা তুলনামূলকভাবে ভালো করেছেন।
তবে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আশাবাদী লিওনার্ড। তাঁর বিশ্বাস, আগামী আসরগুলোতে নেপাল প্রিমিয়ার লিগে আরও ভালো পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের জনপ্রিয়তা বাড়াবেন এবং নেপালের দর্শকদের ভালোবাসা অর্জন করবেন।




