অ্যানফিল্ডে ইউনাইটেডের অসহায় আত্মসমর্পণ

নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই হতাশার চিত্র দেখল ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। লেনি ইয়োরোর লাল কার্ডের পর ১৩ মিনিটের মধ্যে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে অবনমন-শঙ্কায় থাকা ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

শুরুতেই লাল কার্ডের ধাক্কা

দশম মিনিটে ইয়োরো আলেক্সান্ডার ইসাককে গোলের সুযোগ থেকে বঞ্চিত করায় সরাসরি লাল কার্ড দেখেন। বক্সের বাইরে ফাউলের পর পাওয়া ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে গোল করেন ডমিনিক সোবোসলাই। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্টজ। রিও এনগুমোহাকে আটকাতে না পেরে তার ক্রস দারুণভাবে জালে পাঠান ভির্টজ। তাতেই অ্যানফিল্ডে উল্লাস ছড়িয়ে পড়ে।

দশজন নিয়ে খেলতে বাধ্য হওয়া ইউনাইটেড কিছুক্ষণ রক্ষণ সামলে ম্যাচে ফেরার চেষ্টা করে। গোলরক্ষক সেন্নে লামেনস কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন। হ্যারি ম্যাগুয়ারও বিপজ্জনক মুহূর্তে বাধা দেন। তবে বিরতির পর আক্রমণের ধার বাড়ায় লিভারপুল। সোবোসলাই দূরপাল্লার শটে আবারও গোলের চেষ্টা করেন। ইসাকও সুযোগ পেয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে পারেননি।

ম্যাচ হেরে মাথায় হাত কোচের

৬৬ মিনিটে তৃতীয় গোল পায় লিভারপুল। গতি ও নিখুঁত নিয়ন্ত্রণে ইউনাইটেডের রক্ষণ ভেঙে এগিয়ে যান ব্র্যাডলি বারকোলা। তার বাড়ানো বল থেকে গোল করেন এনগুমোহা। এরপরও লিভারপুল আক্রমণ অব্যাহত রাখে। লামেনস ইসাক ও সোবোসলাইয়ের প্রচেষ্টা ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি কিছুক্ষণ।

শেষ গোল ভিক্টর মুনোজের

৮২ মিনিটে চতুর্থ গোল করে ইউনাইটেডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলি ভিক্টর মুনোজ। ভির্টজের ফিরতি পাস পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

ম্যাচের আগে নতুন কোচকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা থাকলেও শুরুতেই তা ভেঙে যায়। তিন পরিবর্তনের মধ্যে ম্যাথিয়াস ডি লিখটের অন্তর্ভুক্তি ছিল উল্লেখযোগ্য। গত বছরের নভেম্বরের পর প্রথমবার প্রিমিয়ার লিগে শুরুর একাদশে সুযোগ পাওয়া এই ডিফেন্ডার লম্বা বল সামলাতে গিয়ে ভুল করেন, ইসাক সেই সুযোগে ছুটে যান। ইয়োরোর ফাউলে ইউনাইটেড আরও বিপাকে পড়ে। লিভারপুলের চাপ, গতি ও ধারাবাহিক আক্রমণে দশজনের ইউনাইটেড শেষ পর্যন্ত টিকতে পারেনি।

চুতর্থ স্থানে লিভারপুল

এই জয়ে সপ্তাহ শেষে চতুর্থ স্থানে উঠে এসেছে লিভারপুল। অন্যদিকে ১৯তম স্থানে থাকা ইউনাইটেডের জয়হীনতা টানা নবম ম্যাচে গড়িয়েছে। বুধবার চ্যাম্পিয়নস লিগে স্পোর্টিংয়ের মাঠে খেলতে যাওয়ার আগে এই হার নতুন কোচের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে থাকল।

spot_imgspot_img
spot_img

Related Articles